আধুনিক কলাকৌশল প্রয়োগ করে আখের একরপ্রতি ফলন বৃদ্ধির লক্ষ্যে মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের মিলস গেট-বি সাবজোনের উদ্যোগে আখচাষি প্রশিক্ষণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৮টায় আখচাষি প্রশিক্ষণ উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোবারকগঞ্জ সুগার মিলস লিমিটেডের মহাব্যবস্থাপক (কৃষি) গৌতম কুমার মণ্ডল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিলের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এ. এন. এম. জোবায়ের।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ডিজিএম (সম্প্রসারণ ও ঋণ) ইমরুল হাসান, ডিজিএম (এসআই অ্যান্ড এগ্রো) কানিজ ফাতেমা, ডিএম (ইক্ষু সংগ্রহ) মো. রবিউল আলম এবং মোচিক শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ। এছাড়া মিলস গেট-বি সাবজোন প্রধান দেবেন্দ্রনাথ মণ্ডল এবং সহকারী ব্যবস্থাপক (সম্প্রসারণ) অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রশিক্ষণে বক্তারা আধুনিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে আখ চাষের মাধ্যমে ফলন বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, বর্তমান কৃষিবান্ধব সরকারের লক্ষ্য বাস্তবায়নে এবং আখের উৎপাদন বৃদ্ধি করে চিনিকলগুলোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর করতে কৃষকদের আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। সঠিক সময়ে সার প্রয়োগ, রোগবালাই দমন এবং উন্নত জাতের আখ চাষের মাধ্যমে কীভাবে একরপ্রতি ফলন বহুগুণ বাড়ানো সম্ভব, সে বিষয়ে চাষিদের বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়।
অনুষ্ঠানে মিলের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় আখচাষিরা উপস্থিত থেকে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং চাষাবাদসংক্রান্ত বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন।