আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এই উপনির্বাচনকে ঘিরে কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকালে ঠাকুরগাঁওয়ের ‘অপরাজেয় একাত্তর’ চত্বরে নির্বাচনী মহড়া চালিয়েছে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়ন।
এ সময় বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক কর্নেল সুরুজ জানান, উপনির্বাচন উপলক্ষে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বিজিবি। অন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মাঠপর্যায়ে কাজ করছেন বিজিবি সদস্যরা। ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচনের দিন মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। এ ছাড়া বডি অন ক্যামেরা, ড্রোন এবং ডগ স্কোয়াডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
অন্যদিকে প্রার্থীদেরও শেষ মুহূর্তে যেন দম ফেলার সুযোগ নেই; জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমিন আজ আখানগর ইউনিয়নের ১০টি পথসভায় অংশ নিয়েছেন। অপরদিকে জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেনও বেশ কয়েকটি উঠান বৈঠক ও পথসভায় যোগ দিয়েছেন এবং স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন।
আগামী ২৯ অক্টোবর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ১৮৫টি কেন্দ্রে একটানা ভোটগ্রহণ চলবে। ঠাকুরগাঁও-১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন।