দেশের খবর

যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ

জামালপুরের সরিষাবাড়ীতে অবস্থিত তারাকান্দি যমুনা সার কারখানায় অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। বুধবার (৭ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক। 

 

কারখানা সূত্রে জানা যায়, ১৯৯০ সালে জামালপুরের সরিষাবাড়ীতে যমুনা সার কারখানা প্রতিষ্ঠিত হয়। শুরু থেকে দৈনিক ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন হয়।

 

 

তবে গত বছর ঘোড়াশাল-পলাশ ইউরিয়া ফার্টিলাইজারে উৎপাদন নিরবচ্ছিন্ন রাখার সিদ্ধান্ত নেওয়ায় ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে যমুনা সার কারখানায় গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। ফলে অ্যামোনিয়া ও ইউরিয়া সার উৎপাদন পুরোপুরি বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। এতে কর্মহীন হয়ে পড়েন শ্রমিকরা। এদিকে গত বছরের ২৩ ডিসেম্বর ইউরিয়া সার উৎপাদন শুরু করলেও যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় চলতি বছরের ৫ জানুয়ারি রাত থেকে যমুনা সার কারখানায় ফের ইউরিয়া উৎপাদন বন্ধ হয়।

 

 

সূত্র আরো জানায়, যমুনা সার কারখানা থেকে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল ও রাজবাড়ি ছাড়াও উত্তরবঙ্গের ১৯ জেলার প্রায় আড়াই হাজার ডিলার যমুনার সার উত্তোলন করেন। দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে কারখানার কমান্ডিং এরিয়ায় সার সংকট হওয়ায় শঙ্কায় দেখা দিতে পারে বলে জানান সংশ্লিষ্টরা।

 

এ ব্যাপারে যমুনা সার কারখানার উপ-প্রধান প্রকৌশলী (রসায়ন) ফজলুল হক জানান, যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় গত ৫ জানুয়ারি রাত থেকে যমুনায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ রয়েছে। মেরামতের কাজ শেষ করে দ্রুত উৎপাদনে যাওয়া যাবে বলে জানান তিনি।

 



সম্পর্কিত খবর