যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আওতাধীন ২০২৬ সালের এসএসসি পরীক্ষার ২০টি কেন্দ্র স্থগিত করা হয়েছে। পরীক্ষার্থী কমে যাওয়া, অনিয়মের অভিযোগ এবং কেন্দ্র পরিচালনার সীমাবদ্ধতার কারণে এই সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। গত ১৯ জানুয়ারি বোর্ডের পরীক্ষা কমিটির সভায় এই স্থগিতাদেশ দেওয়া হয়।
শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. আব্দুল মতিন জানান, স্থগিত হওয়া কেন্দ্রগুলোতে গত কয়েক বছর ধরে পরীক্ষার্থীর সংখ্যা নির্ধারিত মানদণ্ডের (সর্বনিম্ন ২০০ জন) চেয়ে কম ছিল। এছাড়া সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের সুপারিশ এবং কেন্দ্রগুলোর প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের আবেদনের প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। স্থগিত হওয়া কেন্দ্রগুলোতে ২০২৬ সালে কোনো এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক নিয়ামত এলাহী জানান, কিছু কেন্দ্রের বিরুদ্ধে অনিয়মের অভিযোগও ছিল। নিয়মিত পরীক্ষার্থী কমে যাওয়ায় কেন্দ্র বজায় রাখা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের জন্য কঠিন হয়ে পড়েছিল। সিদ্ধান্ত অনুযায়ী কেন্দ্র স্থগিতের চিঠি ইতিমধ্যে প্রধান শিক্ষক ও অধ্যক্ষদের কাছে পাঠানো হয়েছে এবং অনুলিপি দেওয়া হয়েছে জেলা প্রশাসকদের।
স্থগিত হওয়া উল্লেখযোগ্য কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে—খুলনার রূপসা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়, সরকারি ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়, বি. কে. ইউনিয়ন ইনস্টিটিউশন; সাতক্ষীরার তালা সুভাষিণী মাধ্যমিক বিদ্যালয়; যশোরের মণিরামপুর পাঁচবাড়িয়া পাঁচকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়; ঝিনাইদহের কালীগঞ্জ চাপরাইল মাধ্যমিক বিদ্যালয় ও ঝিনাইদহ ক্যাডেট কলেজ; মেহেরপুরের গাংনী সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয় এবং চুয়াডাঙ্গার হাসাদহ মাধ্যমিক বিদ্যালয়।