গাজীপুর মহানগরীর গাছা থানার দক্ষিণ খাইলকুর এলাকায় বৃহস্পতিবার রাতে স্থানীয় এক যুবলীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা বাড়ীর সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শুক্রবার সকালে পুলিশের বিভিন্ন সংস্থার কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ ও এলাকাবাসী জানান, রাত সাড়ে ৩টার দিকে নগরীর ৩৮ নং ওয়ার্ডের দক্ষিণ খাইলকুর এলাকার বাসিন্দা স্থানীয় যুবলীগ নেতা এম এম সোহেল রানার বাড়িতে ১০ থেকে ১২ জনের একদল মুখোশধারী ডাকাত বাড়ীতে হানা দেয়। ডাকাতরা ঘরের উত্তর পাশের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে সোহেল রানাসহ সবাইকে হাত, পা ও চোখ বেঁধে একটি কক্ষে আটকে রাখে। পরে তারা আলমারি ভেঙে স্বর্ণালংকার, নগদ টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুটে নেয়। এ সময় ডাকাতরা ঘরের প্রতিটি কক্ষের আসবাবপত্র ভাঙচুর করে। যুবলীগ নেতা সোহেল রানা দাবি করেন, ডাকাতেরা তাঁর বাড়ী থেকে নগদ টাকা ৩ লাখ, ১০ থেকে ১২ ভরি স্বর্ণালংকার, ৪টি মুঠোফোন, ১টি ল্যাপটপ, ১টি টিভিসহ অন্যান্য জিনিসপত্র লুট করে নিয়ে গেছে। যার আনুমানিক মূল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা। এ ঘটনায় তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। এদিকে ১৫ নভেম্বর ভোর রাতে একই এলাকার বাসিন্দা লাক চাঁন মিয়ার বাড়ীতেও ডাকাতির ঘটনা ঘটেছে। এতে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এ ব্যাপারে গাছা থানার ওসি মোঃ শাহ আলম যুবলীগ নেতা সোহেল রানার বাড়ীতে গিয়ে পর্যবেক্ষণ শেষে এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।