দেশের খবর

রূপগঞ্জে দাবিকৃত চাঁদার টাকা না পেয়ে বৃদ্ধের উপর যুবদল নেতার এলোপাতাড়ি গুলি

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাবিকৃত ৩ লাখ টাকা না দেওয়ায় শামসুদ্দোহা নামের এক বৃদ্ধকে এলোপাতাড়ি গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে পৌর যুবদল নেতার বিরুদ্ধে। সোমবার (২৮ জুলাই) রাতে উপজেলার তারাব পৌরসভার কর্ণগোপ এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত শফিকুল তারাব পৌর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ও জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। 
 
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিগত আওয়ামী লীগের আমলে দুই পক্ষের সংঘর্ষ হয় যুবদল নেতা শফিকের ভাগিনা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলার সাংগঠনিক সম্পাদক সাকিবের সাথে উপজেলা যুবলীগের কার্যকরী সদস্য রিপনের লোকজনের। সংঘর্ষের সময় ততকালীন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুলও ভাগিনার পক্ষে সংঘর্ষে জড়ায়। এসময় তিনি পায়ে গুরুতর জখম হয়। গত ৫ আগষ্টের পর থেকে সে সময়কার  ক্ষতিপূরণ বাবদ রিপনের পরিবারের কাছে টাকা চেয়ে আসছেন পদপ্রার্থী শফিকুল ও তার ভাগিনা। এরই জের ধরে গত সোমবার রাতে রিপনকে না পেয়ে ক্ষিপ্ত হয়ে রিপনের মামা শামসুদ্দোহাকে এলোপাতাড়ি গুলি করে শফিকুল ও তার ভাগিনা সাকিব। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় প্রাইভেট হাসপাতালে নিলে চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। 
 
এ ঘটনায় অভিযুক্ত যুবদল নেতা শফিকুলের সাথে যোগাযোগ করার জন্য তার ব্যবহৃত মোবাইল বন্ধ পাওয়া যায়। 
 
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, শামসুদ্দোহা নামের এক বৃদ্ধ গুলিবিদ্ধ হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে আমাদের কাজ চলছে। 


সম্পর্কিত খবর