নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমান মোল্যার গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মিঠাপুর বাজার থেকে গণসংযোগ শুরু করে নালীয়া ও ঝড়োবাজারসহ বিভিন্ন এলাকায় মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত সমর্থকদের নিয়ে তিনি এ গণসংযোগ করেন।
এ সময় নালীয়া ও ঝড়োবাজার এলাকায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য দেন নলদী ইউপি চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি মশিয়ার রহমান মোল্যা, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন মোল্যা, নলদী ইউপির ৩ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান ও বিজন কুমারসহ অনেকে।
বক্তারা বলেন, গত সোমবার (১২ অক্টোবর) ইউপি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। পাঁচ ধাপে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে প্রথম ধাপে ভোট হবে ২০২৭ সালের ২১ জানুয়ারি এবং শেষ বা পঞ্চম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে একই বছরের ২৭ মে। এই ঘোষণার পর মাঠপর্যায়ে নির্বাচনী আমেজ শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় নড়াইলের লোহাগড়া উপজেলার ১ নম্বর নলদী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করতে আগ্রহী মশিয়ার রহমান মোল্যা। তিনি এলাকার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত রয়েছেন। জনপ্রতিনিধি হয়ে সরকারি ও বেসরকারিভাবে নলদী ইউনিয়নের উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে তাঁর মতো ব্যক্তিকই প্রয়োজন বলে মন্তব্য করেন পথসভার বক্তারা।