নড়াইলের লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা এলাকায় আত্মপ্রকাশ করেছে সমাজসেবামূলক প্ল্যাটফর্ম ‘আমাদা-লক্ষ্মীপাশা জাগরণী সংঘ’। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে এ সংঘের আত্মপ্রকাশ ঘটে। সংগঠনটির সদস্যরা হলেন লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের ঐতিহ্যবাহী আমাদা গ্রামের সন্তান, যারা বর্তমানে লক্ষ্মীপাশায় বসবাস করছেন।
এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বদরুল ইসলাম।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলাম, আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক খান হাবিবুর রহমান, প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ তসলিমুজ্জামান, প্রধান শিক্ষক কায়সার উদ্দিন খান হারুন, প্রধান শিক্ষক এস এম আজাদ হোসেন, শিক্ষক কে এম রবিউল ইসলাম এবং কে এম নজিবর রহমান।
এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন কে এম মিরাজুল ইসলাম, কে এম জাহিদুল ইসলাম, কে এম সিরাজুল ইসলাম, শাহিন তালুকদার, জিয়া সরদার, দেলোয়ার হোসেন খান, তারিকুল ইসলাম ছবি, মনিরুজ্জামান কাঞ্চন, শফিউর রহমান, হিরু মণ্ডলসহ অনেকে।
বক্তারা বলেন, সমাজসেবামূলক প্ল্যাটফর্ম আমাদা-লক্ষ্মীপাশা জাগরণী সংঘের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো একে অপরের সঙ্গে ঐক্যবদ্ধ থাকা, বিপদে-আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া এবং সামাজিক কল্যাণে আত্মনিয়োগ করা।
এদিকে সভা থেকে সংগঠনের একটি উপদেষ্টা ও আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উপদেষ্টা পরিষদের সদস্যরা হলেন আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম মোর্তজা খান, অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বদরুল ইসলাম, অবসরপ্রাপ্ত শিক্ষক খান হাবিবুর রহমান, অবসরপ্রাপ্ত শিক্ষক মধুমঙ্গল বিশ্বাস এবং লায়েক হোসেন মৃধা।
কমিটিতে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক কে এম রেজাউল ইসলামকে আহ্বায়ক এবং শিক্ষক কে এম রবিউল ইসলামকে সদস্যসচিব করা হয়েছে। এতে সদস্য হিসেবে রয়েছেন তসলিমুজ্জামান, তারিকুল ইসলাম ছবি, কে এম নজিবর রহমান, জিয়াউর রহমান ও শাহিন তালুকদার।
আহ্বায়ক কমিটি আগামী ৩০ দিনের মধ্যে পরবর্তী কার্যক্রম বাস্তবায়ন করবে।