যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান বিজয় দিবস উপলক্ষে বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে যশোরের শার্শা উপজেলার কাশীপুরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়েছে। মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর মহাপরিচালকের পক্ষ থেকে উপজেলার কাশীপুরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের সমাধিস্থলে গার্ড অব অনার প্রদান করেন যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর নূর উদ্দিন আহমেদ।
এর আগে সকাল ৭টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এছাড়া সমাধিস্থলে মুক্তিযোদ্ধারা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিকরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা শ্রদ্ধাঞ্জলি দেন। অনুষ্ঠান শেষে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।