গাজীপুরের শ্রীপুরে জাতীয় পার্টি ছাত্রসমাজের সাবেক নেতা তেলিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বহুবার চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করা তরুণ শিল্পপতি মো. ফরিদ আহমেদ সরকার আওয়ামী লীগে যোগ দিলেন।
রবিবার বিকেল ৪টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের ফরিদ আহমেদ সরকারের নিজ বাড়িতে দ্বাদশ নির্বাচন উপলক্ষ্যে এক উঠান বৈঠক ও যোগদান সভার আয়োজন করা হয়।
সেখানে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য অধ্যাপক রুমানা আলী টুসি এর হাতে ফুল দিয়ে তিনি আওয়ামী লীগে যোগ দেন মো. ফরিদ আহমেদ সরকার।
এ সময় ওই বাড়িতে যোগদান সভা উপলক্ষ্যে ছয় হাজার নেতাকর্মীকে আপ্যায়নের আয়োজনও করা হয়।
এ ব্যাপারে রুমানা আলী টুসি বলেন, আওয়ামী লীগের উন্নয়নের জোয়ার দেখে বার বার তেলিহাটি ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমেদ সরকার আমার হাতে হাত রেখে ও নৌকা সাদৃশ্য ফুলের তোড়া দিয়ে আ.লীগে যোগ দিয়েছেন।
আশা করছি, বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নৌকাকে ভালোবেসে ঐক্যবন্ধ হয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে সবাই নৌকায় ভোট দিয়ে আ.লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনবেন।
মো. ফরিদ আহমেদ সরকার এর সভাপতিত্বে ও তেলিহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজ রহমান রিপন এর সঞ্চালনায় আরও বক্তব্য দেন পৌর মেয়র আনিসুর রহমান আনিস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল জলিল, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল রউফ, তেলিহাটি ইউনিয়ন আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মো. আব্দুস ছাত্তার আবুল, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিন, জেলা ছাত্রলীগের সভাপতি সুলতান সিরাজ, সাধারণ সম্পাদক নাছির মোড়ল।