সম্প্রতি জামালপুরের সরিষাবাড়ী থানায় পুলিশ হেফাজতে আনোয়ার হোসেন নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের বাবা আব্দুস সামাদ দুলু বৃহস্পতিবার সরিষাবাড়ী আমলী আদালতে ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন ও সরিষাবাড়ী থানার এসআই শহিদুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। বিজ্ঞ বিচারক তানজিনা আক্তার মামলাটি আমলে নেন। এ বিষয়ে কি পদক্ষেপ নেয়া হয়েছে ৩ কার্যদিবসের মধ্যে তা জানাতে সরিষাবাড়ী থানার ওসিকে নির্দেশ দেন। জানা যায়, ২০২৩ সালের ২৬ ডিসেম্বর আনোয়ার হোসেন চাপারকোণা বাজারে কেনাকাটা করতে যান। পূর্ব শত্রুতার জের ধরে ডোয়াইল ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের নির্দেশে তার অনুগত সোহেল রানা, ফিরোজ মিয়া ও মনসুর মিয়া ভিকটিমকে জোরাবলে তুলে নেন। চাপারকোণা মহেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ের পিছনে নিয়ে তাকে বেধড়ক মারপিট করেন। মারপিটকারীদের দেয়া খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত ভিকটিমকে উদ্ধার করে সরিষাবাড়ী থানায় নিয়ে যায়। পরে আহতের চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তিনি মারা যান।