দেশের খবর

সরিষাবাড়ীতে ফাঁসিতে ঝুলে গৃহবধূর আত্মহত্যা

জামালপুরের সরিষাবাড়ীতে ফাঁসিতে ঝুলে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। ঘটনাটি শুক্রবার সকালে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের নলদাইর গ্রামে ঘটেছে। এক সন্তানের জননী ওই গৃহবধূর নাম মেহেরীন (১৯) বলে জানা গেছে। সে ওই গ্রামের জয়নাল আবেদীনের ছেলের বউ ও দুলাল মিয়ার স্ত্রী। জানা যায়, বছর তিনেক আগে গাজীপুরে গার্মেন্টসে চাকরির সুবাদে দুলাল মিয়া ও মেহেরীনের পরিচয় হয়। পরিচয় থেকে তারা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপর তারা বিয়ে করে সংসারী হয়। তাদের ঘরে তারাজ নামে দেড় বছরের এক পুত্র সন্তান রয়েছে। বেশ কিছুদিন ধরে পারিবারিক বিষয়ে ঝগড়া চলছিল। গত বুধবার মেহেরীন সরিষাবাড়ী থানায় গিয়ে ঝগড়ার বিষয়টি পুলিশদের অবগত করে। ওই দিন রাতেই মেহেরীনের শ্বশুরবাড়ীতে পুলিশ এসেছিল। ঘটনার দিন সকালে রান্না-বান্না ও খাওয়া-দাওয়াও সেরেছে সে  (মেহেরীন)। এক ফাঁকে সে সবার অলক্ষ্যে গলায় ওড়না পেঁচিয়ে বসতঘরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করে। খবর পেয়ে সরিষাবাড়ী থানার এসআই শিব্বির আহমেদ ও এসআই হুমায়ুন কবির ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেন। পরে লাশের ময়না তদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে এসআই হুমায়ুন কবির জানান, ময়না তদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না।



সম্পর্কিত খবর