দেশের খবর

সরিষাবাড়ীতে বিঘ্নিত হচ্ছে শিক্ষার পরিবেশ

জামালপুরের সরিষাবাড়ীতে মনুষ্যসৃষ্ট বিভিন্ন কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসা উচিত। 

চলছে বোরো ধান সংগ্রহের মৌসুম। এ মৌসুমে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে ধান মাড়াই থেকে শুরু করে ধান ও খড় শুকানো হচ্ছে। এ কাজের জন্য জায়গার দখল নিয়ে অনেক সময় ঝগড়া শুরু হয়। ঝগড়ায় বাংলার পাশাপাশি হিন্দি ও উর্দু (অশালীন) শব্দ উচ্চারিত হয়। এতে ক্লাসের কোমলমতি শিক্ষার্থীদের মনে বিরূপ প্রতিক্রিয়ার পাশাপাশি কু-প্রভাবও পড়ছে। শুধু তাই নয়, ঝগড়ার সময় উচ্চবাচ্য পাঠের মনোনিবেশে বিঘ্ন ঘটাচ্ছে। অপরদিকে তীব্রতাপদাহে মাঠে শুকানো ধান ও খড় থাকায় প্রচন্ড গরমসহ তীব্রমাত্রার তাপ অনুভূত হচ্ছে। পাশাপাশি খড়কুটো ও ধানের ময়লা আবর্জনার সাথে ধূলোবালিও ক্লাসের মধ্যে ঢুকছে। ফলে কোমলমতি শিক্ষার্থীরা হাঁচি-কাশি ও ঠান্ডাজ্বরে আক্রান্ত হচ্ছে। আর পরিবেশ দূষণসহ বিদ্যালয়ের সৌন্দর্য বিনষ্ট হচ্ছে। এসব থেকে পরিত্রাণ পেতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে শিক্ষা সচেতন মহল। এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোজাম্মেল হক জানান, এসব বিষয়গুলো শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি ও শিক্ষকদের দেখার কথা। তবে যেহেতু ধান কাটার মৌসুম চলছে, তাই সাময়িকভাবে এমন অসুবিধা হওয়াটা স্বাভাবিক। এসব সমস্যার বিষয়ে কেউ তাকে জানায় নি।



সম্পর্কিত খবর