জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় চলমান কর্ম-সৃজন কর্মসূচির কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠেছে। সচেতন মহল এ কর্মসূচির বিল প্রদানের পূর্বে সরেজমিন পরিদর্শন করার জন্য দাবি তুলেছে।
উপজেলার ১টি পৌরসভা ও ৮টি ইউনিয়নে মোট কতটি প্রকল্প দেয়া আছে। প্রকল্পগুলোর বিপরীতে কতজন শ্রমিক নিয়োগ দেয়া আছে। এমনকি মজুরিই বা কত? তার কোন তথ্য কেউ জানে না। প্রকল্প সংশ্লিষ্ট সাইন বোর্ড নেই। শ্রমিকদের জব কার্ড নেই। নেই দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার তদারকি। ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, মহাদান ইউনিয়নে মোট ৯টি প্রকল্প দেয়া হয়েছে। স্থানীয়রা জানান, এ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রঘুনাথপুর গ্রামের লিচু কবিরাজের বাড়ি থেকে সামাদ হাজীর বাড়ি পর্যন্ত রাস্তার মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের প্রকল্প দেয়া হয়েছে। এ প্রকল্পের কাজ করাচ্ছেন সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার সুলতানা পারভীন। গত ডিসেম্বর মাসের ২, ৩ ও ৪ তারিখে মাত্র ৮/১০ জন শ্রমিক কাজ করতে দেখা যায়। কয়েক দিন বন্ধ রেখে আবার দুয়েক দিন কাজ চলে। এখন পর্যন্ত ওই রাস্তাটির কাজ শেষ হয় নি। ওই রাস্তায় সব মিলিয়ে মোট ৫-৬ দিন কাজ হয়েছে। আর কাজ করেছে দৈনিক গড়ে ১০ জন শ্রমিক। সচেতন মহলের দাবি- এ উপজেলার কর্ম-সৃজন কর্মসূচির বিল প্রদানের পূর্বে প্রকল্প সংশ্লিষ্ট তদারকি কর্মকর্তা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় সাংসদ সরেজমিন পরিদর্শন করে বিল প্রদান করবেন।