জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি ও তার স্ত্রী আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৬ মার্চ) এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব জানান দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন।
তিনি জানান, টিপু মুনশির নামে ১১ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার ৪৫৬ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এরমধ্যে গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ৬ কোটি ৫ লাখ ৩১ হাজার ৮৪৪ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের পরিমান ৫ কোটি ৯০ লাখ ২৭ হাজার ৬১২ টাকা। এছাড়া টিপু মুনশির নিজ নামে ১১টি ব্যাংক হিসাবের মাধ্যমে ৩২ কোটি ১৮ লাখ ৫৮ হাজার ৪৫০ টাকা হস্তান্তর, রূপান্তর ও স্থানান্তর করে আয়ের উৎস আড়াল করেছেন বলে অনুসন্ধানে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। ফলে অনুসন্ধান টিমের সুপারিশের আলোকে কমিশন টিপু মুনশির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারা তৎসহ মানিলন্ডারিং আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় একটি মামলা দায়েরের অনুমোদন দিয়েছে।
এছাড়া টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশির নামে ৬ কোটি ২৫ লাখ ৬৮ হাজার ৬২৭ টাকার সম্পদের তথ্য পাওয়া যায়। এরমধ্যে তার গ্রহণযোগ্য আয় পাওয়া যায় ২ কোটি ৭ লাখ ৪৪ হাজার ৮৯৭ টাকা। এক্ষেত্রে তার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের পরিমান ৪ কোটি ১৮ লাখ ২৩ হাজার ৭৩০ টাকা। অনুসন্ধান টিম টিপু মুনশির স্ত্রী আইরিন মালবিকা মুনশির বিরুদ্ধে অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ সম্পদের মালিকানা অর্জন ও দখলে রাখার অপরাধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারায় মামলা দায়েরের সুপারিশ করেছে।
বায়ান্ন/আরএইচ/একে