বর্তমান সময়ে তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মানুষ হত্যা যেন মামুলি ব্যাপার। মানুষের জীবন কেড়ে নিতে মানুষরুপি অমানুষ গুলোর হৃদয় একটুও কেঁপে ওঠেনা। কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় ঘটেছে এমনই ঘটনা। সোমবার রাত আনুমানিক সাড়ে দশটার সময় হাতিয়া গ্রামে ঘটে তুচ্ছ ঘটনা নিয়ে হত্যা কান্ড। জেলার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া গ্রামে কুলখানির অনুষ্ঠান কে কেন্দ্র করে স্বজনদের হামলায় বকুল বিশ্বাস (৫৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে উভয়পক্ষের আরো ১০ জন। নিহত বকুল বিশ্বাস একই গ্রামের আফতাব বিশ্বাসের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (৯ মে) বকুল বিশ্বাসের চাচি জাহানারা খাতুন মারা যান। মরহুমার রুহের মাগফেরাত কামনায় শনিবার (১১ মে) কুলখানীর আয়োজন করা হয়। এ আয়োজনের রান্না ও দাওয়াতকে কেন্দ্র করে চাচাতো ভাই শিপন বিশ্বাসের সাথে বকুলের বিরোধ হয়। সেই জেরে শিপনের নেতৃত্বে ২০/২৫ জন দেশীয় অস্ত্র নিয়ে বকুলের ওপর হামলায় চালায়। হামলায় বকুলসহ অন্তত ১০ জন আহত হয়।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক বকুলকে মৃত ঘোষণা করেন। নিহতের লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। আহতরা চিকিৎসাধীন রয়েছে।
হত্যাকাণ্ডের বিষয়ে ইবি থানার সেকেন্ড অফিসার মেহেদী হাসান জানান, সামাজিক দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় একজন নিহত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। নতুন করে সংঘর্ষ এড়াতে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।