ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচন ঘিরে সীমান্তে অস্থিরতার আশঙ্কা না থাকলেও বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৬ মে) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সেশন শেষে তিনি এ তথ্য জানান।
বিগত সরকার (আওয়ামী লীগ) আমলে রাজনৈতিক বিবেচনায় ইস্যু করা প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র এখনো জমা পড়েনি বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, রাজনৈতিক বিবেচনায় দেওয়া এসব আগ্নেয়াস্ত্র দ্রুত জমা ও উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে যাত্রীদের নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে মহাসড়ক ও রেললাইনের পাশে পশুর হাট বসতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পাশাপাশি পশুর হাটে জাল নোট শনাক্তে বিশেষ ব্যবস্থা গ্রহণ, বডি ওর্ন ক্যামেরা ব্যবহার এবং নজরদারি বাড়ানোর কথাও জানান তিনি।
কোরবানির পশুর চামড়া সংরক্ষণে গ্রাম ও উপজেলা পর্যায়ে সাত দিন পর্যন্ত লবণ দিয়ে সংরক্ষণের ব্যবস্থা রাখতে বলা হয়েছে। এ জন্য প্রয়োজনীয় লবণ বিনামূল্যে সরবরাহ করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
এছাড়া মাদক, চাঁদাবাজি ও অনলাইন জুয়ার বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অনলাইন জুয়ার অ্যাপ ও সাইট বন্ধে নতুন আইন প্রণয়নের কাজ চলছে এবং ইতোমধ্যে অনেক সাইট ব্লক করা হয়েছে।