জামালপুরের সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা গ্রামে অতি সম্প্রতি স্ত্রীর দা’য়ের কোপে স্বামী গুরুতর আহতের খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাতে। জানা যায়, ওই গ্রামের মৃত কাশেম আলী ফকিরের ছেলে আব্দুল জুব্বার প্রথমে একই গ্রামের শরাফত আলীর মেয়ে রেজিয়া বেগমকে বিয়ে করে। সে সংসারে মন্টু মিয়া (২৪) নামে এক ছেলে আছে। রেজিয়া বেগম মারা যাওয়ায় ৮ বছর আগে একই উপজেলার দিগপাইত ইউনিয়নের পূর্বপাড় দিঘুলী গ্রামের গাংপাড়ের হানিফ উদ্দিনের মেয়ে মাজেদা বেগমকে দ্বিতীয় বিয়ে করে আব্দুল জুব্বার। এ সংসারে মুহিন (৬) নামের এক ছেলে রয়েছে। উল্লেখ্য, মাজেদা বেগমেরও প্রথমে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলাধীন বানিয়াজান ইউনিয়নের বানিয়াজান গ্রামের যুবক শিপন মিয়ার সাথে প্রথম বিয়ে হয়েছিল। পরে আব্দুল জুব্বারের সাথে বিয়ের পর তাদের দাম্পত্য জীবন খুব ভালই চলছিল। কিন্তু মাজেদা বেগম কৌশলে তার স্বামীর বসতভিটার ১৮ শতাংশ জমি থেকে ১০ শতাংশ নিজের নামে আর অবশিষ্ট ৮ শতাংশ জমি ছেলে মুহিনের নামে রেজিস্ট্রী দলিলের মাধ্যমে লিখে নেয়। বাড়ির লোকজন, পাড়া-প্রতিবেশী ও আত্মীয় স্বজন আগের পক্ষের ছেলে মন্টু মিয়াকে না ঠকানোর জন্য বিভিন্ন যুক্তিযুক্ত কথা তোলায় বেচারা আব্দুল জুব্বার বেকায়দায় পড়ে। এক পর্যায়ে অল্প কয়েক শতাংশ আবাদি জমির পুরোটাই প্রথম পক্ষের ছেলে মন্টু মিয়াকে রেজিস্ট্রী দলিল করে দেয়। এতে মাজেদা বেগম প্রায়ই তার স্বামীর সাথে কলহে লিপ্ত হতো। ঘটনার রাতের দুই দিন আগে থেকেই তাদের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ কারণে মাজেদা বেগম ক্ষিপ্ত হয়ে স্বামী আব্দুল জুব্বারের মাথা লক্ষ্য করে দা দিয়ে কোপ দেয়। আব্দুল জুব্বার হাত দিয়ে ফেরানোর চেষ্টা করলে হাত কেটে যায়। পরে ওই কোপে ডান কান কেটে পড়ে যায়। শেষে দায়ের ঠোঁট গিয়ে গলার একটু নিচে গিয়ে বিঁধে মারাত্মক আহত হয়। বাড়ির লোকজন আব্দুল জুব্বারকে রাতেই স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে সেলাইসহ প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে জামালপুর হাসপাতালে ভর্তি করে। এ দিকে বাড়ির লোকজন মাজেদা বেগমকে আটকিয়ে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে তাকে উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। মাজেদা বেগম একজন মাথা সমস্যার রোগী বলে তার আপনজনরা পুলিশকে বুঝায়। তাদের কথায় পরদিন সকালে মাজেদা বেগমকে তার আপনজনদের কাছে দিয়ে দেয়। ওদিকে চিকিৎসা শেষে মঙ্গলবার বিকেলে আব্দুল জুব্বারকে বাড়িতে নিয়ে আসে তার আপনজনেরা। এ বিষয়ে আব্দুল জুব্বারের ছেলে মন্টু মিয়া জানায়, দুই দিন আগে থেকেই তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। ঘটনার রাতে তার সৎমা মাজেদা বেগম তার বাবাকে দা দিয়ে কোপিয়ে মারাত্মক আহত করে। এ দুই-তিনদিন সে তার বাবাকে নিয়ে হাসপাতালেই ব্যস্ত ছিল। মাজেদা বেগমের বাবা হানিফ উদ্দিন জানায়, তার মেয়ের জামাই আব্দুল জুব্বার খুবই ভালো মানুষ। জামাইয়ের আগের পক্ষের ছেলে মন্টু মিয়াও ভালো মানুষ। তবে তার মেয়ে মাজেদা বেগমের মাথায় একটু সমস্যা আছে। ৪-৫ দিন পর এমনিতেই ভালো হয়ে যায়। এ জন্য কোন বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়েছেন কি না? বা কোন বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধ খাওয়ানো হয়েছে কি না? এমন প্রশ্নের জবাবে তিনি জানান, বিশেষজ্ঞ ডাক্তার দেখানো হয় নি। বিশেষজ্ঞ ডাক্তারের ব্যবস্থাপত্র অনুযায়ী ওষুধও খাওয়ানো হয় নি। তবে কবিরাজ দেখানো হয়েছে। এ ঘটনার সরেজমিন তদন্ত অব্যাহত রয়েছে / অনুসন্ধানীমূলক প্রতিবেদনের প্রস্তুতি চলছে। পরবর্তীতে অনুসন্ধানীমূলক প্রতিবেদন প্রকাশিত হবে।