ঢাকা

৩ দিন ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

নরসিংদী জেলার মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টানা তিন দিন ধরে বিদ্যুৎবিহীন থাকায় অচল হয়ে পড়েছে হাসপাতালটির চিকিৎসা পরিষেবা। বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জরুরি অক্সিজেন সাপোর্ট এবং কেন্দ্রীয় পানি সরবরাহ ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এতে হাসপাতালে চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা চরম ভোগান্তিতে পড়েছেন, সৃষ্টি হয়েছে স্বাস্থ্যঝুঁকির পরিবেশ।

 

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর থেকে হাসপাতালের নিজস্ব বিদ্যুৎ ট্রান্সমিটারটি নষ্ট হয়ে যাওয়ায় বিদ্যুৎ বিচ্ছিন্নতা শুরু হয়। বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা (জেনারেটর) সচল না থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।

 

বিদ্যুৎ না থাকার কারণে জরুরি চিকিৎসা সেবার জন্য ব্যবহৃত সরঞ্জামগুলো একে একে অচল হয়ে পড়েছে।

 

টয়লেট ও ওয়ার্ডে তীব্র পানি সংকট দেখা দিয়েছে, যা পরিষ্কার-পরিচ্ছন্নতা ব্যাহত করে চরম স্বাস্থ্যঝুঁকির পরিবেশ তৈরি করেছে।

 

ফ্রিজে সংরক্ষিত ইনজেকশন ও টিকার মতো সংবেদনশীল ও জীবনরক্ষাকারী ওষুধ নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।

 

জীবনরক্ষাকারী অক্সিজেন সরবরাহ বন্ধ থাকায় জরুরি রোগীদের চিকিৎসায় চরম অনিশ্চয়তা দেখা দিয়েছে।

 

চিকিৎসাধীন রোগীর স্বজন রেহেনা আক্তার ক্ষোভ প্রকাশ করে বলেন, “তিন দিন ধরে কারেন্ট নেই। গরমে মায়ের অবস্থা খারাপ হয়ে গেছে, চিকিৎসাও ঠিকমতো হচ্ছে না। তাই বাধ্য হয়ে আজ [সোমবার] বাসায় নিয়ে যাচ্ছি।”

 

একই অভিযোগ করেন আরেকজন স্বজন সিফাত হোসেন, “হাসপাতালে চিকিৎসা নিতে এসে দেখি জীবন বাঁচানোই দায়! এই গরমে বিদ্যুৎ ছাড়া হাসপাতালে রোগী রাখা অসম্ভব।”

 

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন নার্স জানান, বিদ্যুৎ না থাকায় তারাও আতঙ্কে দিন কাটাচ্ছেন। তিনি বলেন, “অক্সিজেন সাপোর্ট লাগলে রোগী কীভাবে বাঁচাব? অন্ধকারে জরুরি সেবা দেওয়াও সম্ভব না।”

 

 

এ বিষয়ে মনোহরদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদুল হাসান মাহমুদ বলেন, “হাসপাতালের ট্রান্সমিটার নষ্ট হয়ে গেছে, এজন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয় বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে। জেনারেটর সচল করার চেষ্টা করছি। আশা করছি দ্রুত সমস্যা সমাধান হবে।”

 

স্থানীয়রা জরুরি ভিত্তিতে বিদ্যুৎ সংযোগ পুনর্বহালের দাবি জানিয়েছেন। দ্রুত পদক্ষেপ গ্রহণ না করলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে মনে করছেন তারা।



সম্পর্কিত খবর