টপ নিউজ

অদিতা হত্যা মামলার রায় পিছিয়ে ২৯ এপ্রিল

নোয়াখালীর বহুল আলোচিত স্কুলছাত্রী তসনিয়া হোসেন অদিতা (১৪) হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। আজ বুধবার (১৫ এপ্রিল) রায় ঘোষণার কথা থাকলেও আগামী ২৯ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেছেন আদালত।

 

বুধবার সকাল ১১টার দিকে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক (জেলা ও দায়রা জজ) মোহাম্মদ খোরশেদুল আলম শিকদার রায়ের এই নতুন দিন ধার্য করেন। ট্রাইব্যুনালের বিশেষ পিপি মো. সেলিম শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

মূলত রায় প্রস্তুত না হওয়ায় এই তারিখ পেছানো হয়েছে বলে জানা গেছে।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২২ সালের ২২ সেপ্টেম্বর নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকায় নিজ বাসায় অদিতাকে নৃশংসভাবে হত্যা করা হয়। সেদিন স্কুল ও প্রাইভেট শেষে বাসায় একাই ছিল অদিতা। সন্ধ্যায় তার মা রাজিয়া সুলতানা রুবি বাড়ি ফিরে দেখেন ঘরের দরজায় তালা ঝুলছে।

 

 

ভেতরে ঢুকে তিনি আলমারির জিনিসপত্র এলোমেলো এবং অন্য কক্ষে মেয়ের অর্ধনগ্ন ও গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন।

এই ঘটনায় অদিতার মা বাদী হয়ে মামলা করলে পুলিশ প্রধান আসামি ও সাবেক গৃহশিক্ষক আবদুর রহিম রনিসহ চারজনকে গ্রেপ্তার করে। পরবর্তী সময় রনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং তার দেখানো স্থান থেকে হত্যার সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে রনিকে একমাত্র অভিযুক্ত করে চার্জশিট জমা দেয়।

 

 

এই মামলায় রাষ্ট্রপক্ষে ৪১ জন এবং আসামিপক্ষে ৫ জন সাফাই সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

অদিতা হত্যার পর বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছিল নোয়াখালীসহ সারা দেশ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ টানা বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। আজ রায় ঘোষণার কথা শুনে সকাল থেকেই আদালত এলাকায় ভিড় করেছিলেন উৎসুক মানুষ ও নিহতের স্বজনরা। তবে তারিখ পিছিয়ে যাওয়ায় তারা কিছুটা হতাশ হলেও আগামী ২৯ এপ্রিল ন্যায়বিচার পাবেন বলে আশা প্রকাশ করেছেন।

 



সম্পর্কিত খবর