গাজীপুর সিটি কর্পোরেশনের গাছা এলাকায় চিহ্নিত দুই মাদক ব্যবসায়ীকে জিএমপি গাছা থানায় সারারাত আটক রেখে বিকাল বেলায় অর্থের বিনিময়ে ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছে।
জানা যায়, গত মাসের (২৯ মে) রোজ বুধবার আনুমানিক রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ সিরাজুল ইসলাম সিরু মিয়া (৩৫) ও মোঃ জয়নাল আবেদীন (৩৫) কে ৩০ বোতল ফেনসিডিল সহ আটক করে জিএমপি'র গাছা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাইফুল ইসলাম ও কনস্টেবল মোঃ হেলাল। অভিযুক্তদের বিরুদ্ধে আগে থেকে অভিযোগ ছিলো। এরই প্রেক্ষিতে সঙ্গীয় ফোর্সসহ (এসআই) সাইফুল ও কনস্টেবল হেলাল অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। আরও জানা যায়, (৩০ মে) রোজ বৃহস্পতিবার আনুমানিক বিকাল ৩ ঘটিকায় সিরাজুল ইসলাম সিরু মিয়া ও জয়নাল আবেদীনকে দুই লক্ষ বিশ হাজার টাকার রফাদফায় তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
মুঠোফোনে এসআই সাইফুল ইসলাম দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার উপ সম্পাদককে জানান, গত ২৯ তারিখ রাতে আমার অভিযান ডিউটি ছিলো। এই মাদক ব্যবসায়ী ২ আসামির বিরুদ্ধে অভিযোগ ছিলো, তার পরিপ্রেক্ষিতে (২৯ মে) রাত ১২টার দিকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসা হয়। অনেক বছর যাবত তারা তাদের এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত। দুই মাদক ব্যবসায়ীকে সারারাত থানায় বসিয়ে রাখা হয়, দিনে তাদের পরিবারের লোকজন আসে। এসআই সাইফুল আরো বলেন, তারপর তাদের জবানবন্দি ভিডিও করে নেওয়া হয়। দুই মাদক ব্যবসায়ী জবানবন্দিতে বলেছেন, আমরা আগে মাদক ব্যবসা করেছি ডিল করেছি, বর্তমানে মাদক ব্যবসা করি না ডিল ও করিনা। তারপর ওসি স্যারের নির্দেশে তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয় বলে জানান এসআই সাইফুল।
দুই মাদক ব্যবসায়ী জবানবন্দীর ভিডিওটা দৈনিক বিজয় বাংলাদেশ পত্রিকার উপ-সম্পাদককে পাঠানোর কথা থাকলেও এসআই সাইফুল তা পাঠাননি। তারপর থেকে এসআই সাইফুলের সাথে যোগাযোগ করার জন্য একাধিকবার ফোন দেওয়া হয়, তারপরও কোনো সাড়া মিলেনি এসআই সাইফুলের।
এবিষয়ে জিএমপি, গাজীপুর, গাছা থানার, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়াউল ইসলাম বলেন, সন্দেহজনক ভাবে তাদেরকে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়। তারপর তাদের পরিবারের লোক আসলে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।