মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতলে একসঙ্গে ৬ নবজাতকের মৃত্যুর খবর পাওয়া গেছে। কি কারণে নবজাতকদের মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাস্থলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। মারা যাওয়া শিশুদের বয়স হবে একদিন থেকে দুই দিন, সকলেই পোস্ট অপারেটিভ ওয়ার্ডে ছিল।
বুধবার (২৭ মে) ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ (ডিসি) শেখ জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আমরা খবর পেয়েছি, আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে।
তবে তাদের মৃত্যু আসলে কি কারণে হয়েছে তা আমরা এখনো জানিনা। ডিসিসহ পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত আছেন।
মুহূর্তের মধ্যে ওয়ার্ডের ভেতরের বাতাস ভারি হয়ে ওঠে, ছোট ছোট শিশু রোগীদের শ্বাস-প্রশ্বাসে দেখা দেয় জটিলতা। চিকিৎসক ও নার্সরা দ্রুত ছুটে আসেন, শুরু হয় জরুরি চিকিৎসা। কিন্তু সেই দ্রুততা আর আধুনিক চিকিৎসা ব্যবস্থার সব চেষ্টা যেন সময়ের সঙ্গে পাল্লা দিতে পারেনি। একে একে নিস্তব্ধ হয়ে যায় ৬টি ছোট প্রাণ।
এক শিশুর দাদী কান্নাজড়িত কণ্ঠে অভিযোগ করেন, চিকিৎসকেরা যদি পরিস্থিতি সামাল দিতে না পারেন, তাহলে তাদের অন্য হাসপাতালে যেতে বলা উচিত ছিল। তিনি বলেন, তার নাতনিকে আইসিইউতে নেওয়া হয়েছে বলে জানানো হয় এবং ওষুধ কেনার জন্য কয়েক হাজার টাকা খরচও করানো হয়। কিন্তু ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পর গিয়ে জানতে পারেন, শিশুটি আর বেঁচে নেই।
তিনি আরো অভিযোগ করেন, রাতে ওয়ার্ডে পর্যাপ্ত ডাক্তার ও নার্স ছিলেন না। বাচ্চারা সারারাত কান্না করছিল এবং একে একে অসুস্থ হয়ে পড়ছিল।
আরেক মা, যিনি নিজের সন্তান হারিয়েছেন তিনি বলেন, রাতে ওয়ার্ডের প্রায় সব শিশুই কান্না ও বমি করছিল। তারা কেউ বুঝতে পারেননি কী ঘটছে। সকালে শিশুর অবস্থা খারাপ হলে তাকে বাইরে নেয়া হয়। পরে এনআইসিইউতে নেয়ার পর চিকিৎসকেরা প্রথমে আশ্বস্ত করলেও কিছু সময়ের মধ্যেই শিশুটির মৃত্যুর খবর দেওয়া হয়।