জামালপুুর সদর উপজেলার বিয়ারা গ্রামের আদালতের রায় ও ডিক্রিকৃত জমির সীমানা খুঁটি তুলে ফেলল আনিছ।
জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের বিয়ারা গ্রামের মরহুম নহেজ উদ্দিন মোল্লার ছেলে আব্দুস সামাদ মোল্লা তার দুই দাদীর (দাদার বোন) নিকট থেকে বিগত ১৬/০৩/১৯৭০ তারিখে ৭৩৯৫নং দলিলমূলে ১ একর ৬০ শতাংশ ও ২০/০১/১৯৭১ তারিখে ১৬৭০নং দলিলমূলে ৬৫ শতাংশসহ একুনে ২ একর ২৫ শতাংশ জমি ক্রয় করেন। ১৯৮২ সালের বিআরএস রেকর্ডে ওই জমির হিস্যা তোলা হয় নি অর্থাৎ বাদ পড়ে। এ হিস্যা নিয়ে সামাদ মোল্লা তার ছোট দাদা রহিজ উদ্দিন মোল্লার নিকট দাবি জানান। ওয়ারিশের জমি আমাদের মধ্যেই আছে বলে তিনি জানান। সামাদ মোল্লার জোরালো দাবির প্রেক্ষিতে কয়েক দফা শালিশ বৈঠক হয়। শালিশ বৈঠকে কোন সুরহা হয় নি। এক পর্যায়ে সামাদ মোল্লার সন্তানেরা দলিলমূলে দাবিদার হিসেবে রহিজ মোল্লার জমিতে যায়। এর প্রেক্ষিতে রহিজ মোল্লার দুই ছেলে তৈয়ব আলী ও হাবিবুর রহমান বাদী হয়ে জামালপুর সদর সিনিয়র জজ আদালতে ২২ জনকে বিবাদী করে ৫৪/০৬নং বাটোয়ারা মামলা করেন। বিবাদী পক্ষের ১৬নং বিবাদী আব্দুস সামাদ মোল্লা মামলাটির মোকাবিলা করেন। মামলাটি বিগত ০১/১২/২০১৯ তারিখে খারিজ হয়ে যায়। অপরদিকে বিআরএস রেকর্ড সংশোধনের জন্য সামাদ মোল্লার ওয়ারিশগণ (১ক-১ছ) বাদী হয়ে ২৫ জনকে বিবাদী করে এলএসটি আদালতে ৩৫৫৬/১৫ নং মোকদ্দমা করেন। বিগত ২৮/০৮/২০২৩ তারিখে মামলাটি বাদীর পক্ষে রায় হয়। অতঃপর ৩১/০৮/২০২৩ তারিখে রায়ের ডিক্রি জারি হয়। এ কারণে সামাদ মোল্লার ওয়ারিশগণ ০১/০১/২০২৪ তারিখে চাষাবাদের জন্য রায় ও ডিক্রিকৃত জমিতে যায়। রহিজ মোল্লার ছেলে হাবিবুর রহমান ০৩/০১/২০২৪ তারিখে এডিএম কোর্টে ১৫৩ নং খতিয়ানের ১১৭ ও ১২০নং দাগের উপর ১৪৪/১৪৫ ধারায় মামলা করেন। রহস্যজনক কারণে হাবিবুর রহমান গত ১৫/০১/২০২৪ তারিখে পুনঃরায় এডিএম কোর্টে ১৫/২৪ নং মামলা দায়ের করেন। সামাদ মোল্লার ওয়ারিশগণের ৪৮নং খতিয়ানের ১২১ নং দাগের প্রাপ্ত হিস্যা ৫ শতাংশ জমির সীমানা খুঁটি গত ১৭/০১/২০২৪ তারিখে তুলে ফেলা হয়। খোঁজ নিয়ে জানা যায় বিয়ারা গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে আনিছুর রহমান তা তুলে ফেলেছে। পরে তা স্বীকারও করেছে। পুনরায় ওই জমিতে সীমানা খুঁটি দিয়ে আল বাধা হয়। ২০/০১/২০২৪ তারিখে আনিছ আবার সীমানা খুঁটি তুলে এবং আলের ক্ষতি করে। এ বিষয়ে সামাদ মোল্লার ওয়ারিশগণ আইনগত ব্যবস্থা নেয়ার উদ্যোগ নিলে এলাকার লোকজন এগিয়ে এসে বিষয়টি সুরহার আশ্বাস দেন। উক্ত বিষয়ে শাহবাজপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মজিবর রহমানকে ২৪/০১/২০২৪ তারিখে সরেজমিন তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। আদালত ০৪/০২/২০২৪ তারিখে উভয় পক্ষকে প্রমাণাদিসহ হাজির হয়ে কারণ দর্শানোর জন্য ডেকেছে।