আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে দুই সন্তানকে হ ত্যা র হু ম কি র অভিযোগ এনেছেন একই দলের যুগ্ম মহাসচিব আব্দুল হামিদ।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সরাইল উপজেলা জাতীয় পার্টির অফিসে এক সভায় তিনি এই অভিযোগ করেন। সভায় অভিযোগের বক্তব্য আব্দুল হামিদ তার নিজের ফেসবুকে লাইভ দিলে, তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এই আসনে রেজাউল ইসলাম ভূঁইয়ার পাশাপাশি আব্দুল হামিদও জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলেন। অবশেষে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীক বরাদ্দ দেওয়া হয় দলের অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম ভূঁইয়াকে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণার পর জাতীয় পার্টির থেকে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে রেজাউল ইসলাম ভূঁইয়া ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আব্দুল হামিদকে দলীয় মনোনয়ন প্রদান করা হয়। কিন্তু রেজাউল ইসলাম ভূঁইয়া ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া-২ আসনেও মনোনয়ন দাখিল করেন। পরবর্তীতে আওয়ামী লীগ এই আসনে আব্দুল হামিদের নাম ঘোষণা করে নিজেদের প্রার্থী প্রত্যাহার করে নেন। কিন্তু জাতীয় পার্টির মনোনীত প্রার্থী হিসেবে প্রতীক বরাদ্দ পান রেজাউল ইসলাম ভূঁইয়া। ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নির্বাচনে অংশগ্রহণ করায় এরআগে ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের মনোনয়ন প্রত্যাহার করে নেন রেজাউল। এ নিয়ে বিরোধ তৈরি হয় রেজাউলের সাথে আব্দুল হামিদের।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় সরাইল উপজেলা সদরে জাতীয় পার্টির কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুল হামিদ বলেন, 'আমি নির্বাচনে আসতে চাইনি। রেজাউল ইসলাম ভূঁইয়া ও জিয়াউল হক মৃধা (জামাই-শশুর) এর দ্বন্দ্বের কারণে আমি নির্বাচনের মাঠে। এই নির্বাচনের মাঠে আসার পর রেজাউল ইসলাম ভূঁইয়া আমার বিপক্ষে। সে বিভিন্ন ষ ড় য ন্ত্র করেছে ঢাকার মাটিতে। সে আমাকে শারীরিকভাবে নি র্যা ত ন করার সিদ্ধান্ত নিয়েছে, বহুবার চেষ্টাও করেছে, ব্যর্থ হয়েছে। আল্লাহতালা আমাকে দুটি ছেলে সন্তান দিয়েছে। আমার দুটি সন্তানকে হ ত্যা করার হু ম কি দেওয়া হয়েছে। সেই না বলা কথা গুলো আজকে বলে গেলাম।
তিনি বলেন, বিষয়টি রেজাউল ইসলাম ভূঁইয়ার স্ত্রীকে জানিয়ে বলেছিলাম, 'রাজনীতি আমি করি। বিরোধ থাকলে আমার সাথে আছে। আপনার সন্তানকে আমি সন্তানের মতো স্নেহ করি। আমি বিশ্বাস করি আমার সন্তান যে রকম, আপনার সন্তান সে রকম। আপনার স্বামী আমাকে এক ক্যাডারের নাম বলে হু ম কি দিয়েছে। রাজনীতি করলে আমার সাথে করুক। আমিও কিন্তু ঢাকায় থাকা ছেলে।' উত্তরে তিনি বলেছিলেন বিষয়টি মিমাংসা করা দরকার। কিন্তু সেই বিষয়টি আজও অমিমাংসিত রয়ে গেছে। আমি থানায় জিডি করতে চেয়েছিলাম, আমার স্ত্রী নিষেধ করেছিল।
তিনি আরও বলেন, রেজাউল ইসলাম ভূঁইয়া এবারও সে তাওবা করেছে সরাইল আসবে না, সরাইল ইলেকশন করবে না। আমি নির্বাচন করলাম। মনোনয়ন দিলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা। আমাকে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে রেখে আওয়ামী লীগের প্রার্থীকে প্রত্যাহার করলেন। সেই সুযোগ রেজাউল ইসলাম ভূঁইয়া নিয়েছেন। আমি সেই দু:খকে সহ্য করার ক্ষমতা রাখি। কোন বেইমান মুনাফিকের সাথে কেউ সংসার করতে পারে না। জাতীয় পার্টির সিদ্ধান্তের বিষয়ে আমি একটি কথাও বলবো না।
এই বিষয়ে জানতে আব্দুল হামিদের মুঠোফোনে কল দেওয়া হলে তিনি রিসিভ করেননি। তবে সভায় সঞ্চালন করা উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব মোজাহিদুল ইসলাম সেলিম বলেন, এক সভায় সে এই অভিযোগ তুলেছে। বিষয়টি নিয়ে আমরা আলোচনায় বসেছি। এ নিয়ে পরে জানানো হবে।'
তবে অভিযোগ অস্বীকার করেছেন জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী রেজাউল ইসলাম ভূঁইয়া। তিনি বলেন, আমি তার অভিযোগের বিষয়টি জানি না, আর কাউকে হু ম কি দেওয়ার মানুষ আমি না। এই স্বভাবও আমার নেই। তিনি বলেন, ও আমার ছোট ভাই। হলে ৮ বছর আমার বিছানায় ঘুমিয়েছে। আমি ওকে কেন হু ম কি দিতে যাব, ও আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী না। সে আমার ছোট ভাই, তাকে শাসন করতে পারি, তাকে বাসায় গিয়েও থা প্প ড় দিতে পারি।