দেশের খবর

ইট ভাটার বিরূপ প্রভাব পড়ছে পরিবেশ, স্বাস্থ্যসহ কৃষির উপর

জামালপুরের সরিষাবাড়ী উপজেলাতে ব্যাঙের ছাতার মত ইটভাটা গজিয়ে ওঠেছে। এসব ইটভাটার সবগুলোরই প্রয়োজনীয় সনদ নেই। নেই কোন সরকারি অনুমোদন। অনুমোদনবিহীন ইটভাটাগুলোর কারণে পরিবেশ, স্বাস্থ্য ও কৃষিসহ নানা বিষয়ের উপর প্রত্যক্ষ ও পরোক্ষ বিরূপ প্রভাব পড়ছে। এসব বিষয় থেকে পরিত্রাণ পেতে হলে সংশ্লিষ্ট অধিদপ্তর কর্তৃক নিয়ন্ত্রণের বিকল্প নেই। তাই সংশ্লিষ্ট অধিদপ্তরের উর্ধ্বতন কর্তা ব্যক্তিদের কার্যকর ভূমিকা গ্রহণ এখন সময়ের দাবি। বাংলাদেশের প্রচলিত আইনে ঘনবসতিপূর্ণ এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার নিকটবর্তী স্থানে ইট ভাটা স্থাপনে নিষেধ রয়েছে। এছাড়া  কৃষি সুরক্ষার্থে কৃষিজ উৎপাদনে ব্যাঘাত ঘটায় এমন স্থানে বা আবাদি জমিতে ইট ভাটা স্থাপন সম্পূর্ণ নিষিদ্ধ। ইট ভাটার কালো ধোয়া যাতে স্বাস্থ্যের ক্ষতি না করে এটাও বিবেচ্য বিষয়। ইট ভাটাগুলোতে ঢালাও ভাবে কাঠ পোড়ানোর কারণে যাতে বনজ সম্পদ বিনষ্ট না হয় এ বিষয়েও খেয়াল রাখার কথা রয়েছে। কিন্তু এসব ছাড়া আরও নানা বিষয়ে বিধি-নিষেধ থাকলেও বিভিন্ন কারণে তা পুরোপুরি বাস্তবায়ন হচ্ছে না। নিয়ম মোতাবেক ইট ভাটা মালিকগণের বন ও পরিবেশ, স্বাস্থ্য এবং কৃষি অধিদপ্তরের ছাড়পত্র বা সনদ গ্রহণের কথা। এ বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে ভাটা মালিক পক্ষ সনদ গ্রহণে মরিয়া হয়ে ওঠে। অপরদিকে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোও সংশ্লিষ্ট বিষয়ের ভবিষ্যৎ চিন্তা না করেই ঢালাওভাবে সনদ প্রদান করছে। ফলে পরিবেশ স্বাস্থ্য ও  কৃষির উপর নানাবিধ দুর্যোগ নেমে আসছে। উল্লেখ্য, ‘ইট ভাটার কারণে পরিবেশ, স্বাস্থ্য ও কৃষির উপর কোন বিরূপ প্রভাব পড়ে না’ এই মর্মে কোন অধিদপ্তর সনদ দিতে সম্মত হবেন কি না? যদি তা সম্ভব না-ই হয়। তাহলে সংশ্লিষ্ট অধিদপ্তরের উর্ধ্বতন কর্তা ব্যক্তিগণ অবশ্যই সংশ্লিষ্ট বিষয়গুলোর বিরূপ প্রভাবের উপর অধিক গুরুত্ব দিয়ে কার্যকর পদক্ষেপ নিবেন। অতএব, আমাদের পরিবেশ, আমাদের স্বাস্থ্য ও আমাদের কৃষির সুরক্ষার্থে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।



সম্পর্কিত খবর