জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তুরস্কের আন্তালিয়া যাওয়ার পথে ইস্তাম্বুল পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে পৌঁছানোর পর তাকে ভিভিআইপি মর্যাদায় উষ্ণ অভ্যর্থনা জানানো হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রী, তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ও সফরসঙ্গীদের বহনকারী টার্কিশ এয়ারলাইনসের ফ্লাইটটি ইস্তাম্বুল বিমানবন্দরে অবতরণ করে।
বিমানবন্দরে পৌঁছানোর পর প্রধানমন্ত্রীকে ভিভিআইপি মর্যাদায় ভেতরের রাষ্ট্রীয় অতিথি ভবনে নিয়ে যাওয়া হয়।
সেখানে তাকে অভ্যর্থনা জানান ইস্তাম্বুল বিমানবন্দরের প্রশাসনিক প্রধান ও গভর্নর ড. এম. ইলকের হাকতানকাচমাজ (M. İlker Haktankaçmaz)।
এর আগে, এদিন সকাল সাড়ে সাতটায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
জানা গেছে, ইস্তাম্বুল বিমানবন্দরে প্রায় দুই ঘণ্টা যাত্রাবিরতি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার সফরসঙ্গীরা। এরপর টার্কিশ এয়ারলাইনসের আরেকটি ফ্লাইটে দুপুর ২টা ৫৫ মিনিটে গন্তব্যস্থল আন্তালিয়ার উদ্দেশে রওনা হন তারা।
সফরসূচি অনুযায়ী, আগামীকাল বুধবার (১১ নভেম্বর) আন্তালিয়ায় অনুষ্ঠেয় জলবায়ু সম্মেলনে (কপ-৩১) অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া, এই শীর্ষ সম্মেলনের ফাঁকে বেশ কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক করার কথা রয়েছে।