বরিশাল

উজিরপুরের ধামুরা-সাতলা সড়কের বেহাল দশা, ভোগান্তি চরমে

বরিশালের উজিরপুর উপজেলার  গ্রামীণ জনপদে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক ধামুরা-সাতলা। ধামুরা থেকে সাতলা বাজার পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার রাস্তা বর্তমানে চরম বেহাল দশায় রয়েছে। দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে সড়কটির বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। ফলে প্রতিনিয়তই দুর্ভোগে পড়ছেন যাত্রী ও চালকরা।

ধামুরা থেকে সাতলা পর্যন্ত সড়কের বিভিন্ন অংশ সরেজমিনে ঘুরে দেখা যায়, কোথাও কোথাও রাস্তার পুরো পিচঢালাই উঠে গেছে। বিশেষ করে বাহেরঘঘাট স্কুল থেকে কারফা বাজার পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার সড়কের অবস্থা সবচেয়ে করুণ। কারফা,  টাকা বাড়ী, প্যান বাড়ী, কুড়ালিয়া ও জনতা বাজার এলাকায় চলাচল করা প্রায় অসম্ভব হয়ে উঠেছে বলে অভিযোগ স্থানীয়দের।

ব্যাটারিচালিত অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট-বড় সবধরনের যানবাহন প্রতিনিয়তই এই সড়কে চলাচল করছে হেলেদুলে। ভাঙ্গা রাস্তায় চলাচল করতে গিয়ে প্রায়ই যানবাহন বিকল হয়ে পড়ে। এতে যাত্রীরা যেমন ঝুঁকিতে পড়ছেন, তেমনি চালকদেরও পড়তে হচ্ছে অর্থনৈতিক ক্ষতির মুখে।

অটোরিকশাচালক মাসুদ বলেন, এই রাস্তায় গাড়ি চালানো খুবই কষ্টকর। প্রতিদিন ভাঙা গর্তে পড়ে গাড়ির কোনো না কোনো যন্ত্রপাতি নষ্ট হয়। যাত্রীদের মাঝপথে নামিয়ে গাড়ি ঠেলে গর্ত পার হতে হয়।

স্থানীয়রা জানান, ধামুরা কলেজ থেকে সাতলা যেতে হাঁটলেও হোঁচট খেতে হয়। একদিকে গর্ত, অন্যদিকে কাদা-পানি।  দ্রুত এই রাস্তাটি মেরামতের দাবি জানান তারা। 

এলাকাবাসী আশা করছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সড়কটি মেরামত করবে। তা না হলে বর্ষা মৌসুমে এই দুর্ভোগ আরও ভয়াবহ রূপ নিতে পারে।

বায়ান্ন/আরএস



সম্পর্কিত খবর