তৃতীয় ধাপে বগুড়া সদরসহ জেলার আরো ৩ উপজেলার নির্বাচন। তৃতীয় দফা নির্বাচনে বগুড়া সদর, শাজাহানপুর ও শিবগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে কাল। আগের দু’ দফা নির্বাচনের তুলনায় এবার প্রার্থী সংখ্যা সবচেয়ে বেশি। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইসচেয়ারম্যান মিলিয়ে ৩ উপজেলায় মোট প্রার্থী ৪৭ জন। সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দীতা করছেন বগুড়া সদর উপজেলায় এখানে প্রার্থী ২১ জন।
তৃতীয় দফা নির্বাচনে বগুড়া সদরসহ ৩ উপজেলাতেই চেয়ারম্যান পদে তীব্র প্রতিদ্বন্দীতা হবে। বগুড়া সদরে চেয়ারম্যান পদে ৩ জনই হেভিওয়েট প্রার্থী। এরা হলেন- বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সুফিয়ান শফিক, বগুড়া জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন ও জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান মাহমুদ খান রনি। ৩ জনই ভোটের মাঠে শক্তিশালী অবস্থান গড়ে তুলেছেন। ৩ প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হবে তা নিশ্চিত। বগুড়ার শিবগঞ্জ উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন বর্তমান চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান। আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যেমন দু’ভাগে দুই জনের হয়ে কাজ করছেন তেমনি বিএনপি জামায়াত কর্মী সর্মথকরা ভোটের মাঠে দুই পক্ষেই রয়েছেন। এখানে ব্যাপক প্রতিদ্বন্দীতামুলক ভোট হবে বলে স্থানীয়রা জানিয়েছেন। বগুড়ার শাজাহানপুর উপজেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দীতা করছেন বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সোহরাব হোসেন, যুবলীগ নেতা এম সুলতান আহম্মেদ, স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজেদুর রহমান সাহীন ও মোঃ সাদ্দাম হোসেন মোল্লা। এখানে বর্তমান চেয়ারম্যানের সঙ্গে যুবলীগ নেতা সুলতান ও স্বেচ্ছাসেবক লীগ নেতা সাহীনের ত্রিমুখী লড়াইয়ের সম্ভবনা সবচেয়ে বেশি।