দেশের খবর

এমপি আনারকে কালীগঞ্জেই খুন করা যেত, ভারতে কেন, প্রশ্ন আ.লীগ নেতার

‘আমাদের এমপি (আনোয়ারুল আজীম আনার) একজন জনপ্রিয় নেতা ছিলেন। তিনি ভারতে চিকিৎসা করাতে গিয়ে দীর্ঘদিন ধরে নিখোঁজ। বিভিন্ন গণমাধ্যম, গোয়েন্দা বিভাগ এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তিনি ভারতে খুন হয়েছেন। আনারের মতো একজন এমপিকে খুব সহজেই কালীগঞ্জের মাটিতে খুন করা যেত। কারণ তিনি একা রাত ১টা, ২টা, ৩টা নেই ঘুরে বেড়াতেন। একা একা মোটরসাইকেলে ঘুরে বেড়াতেন। আজকে ভারতের সরকার বলছে ভারতের কেউ এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয়। কিন্তু আমার ধারণা ভারতের কেউ যদি জড়িত না থাকে তাহলে এমন নৃশংসভাবে একটা মানুষকে হত্যা করা সহজ নয়।’
 
বৃহস্পতিবার (২৩ মে) সকালে কথাগুলো বলছিলেন কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন। তার দাবি- ভারতের লোকজন এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। কালীগঞ্জ শহরের ভূষণ স্কুল রোডে অবস্থিত এমপির কার্যালয়ে এই আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের।   
 
তিনি বলেন, এখানে (হত্যাকাণ্ডে) একটা চক্র কাজ করেছে। আমরা চাই যারাই তাকে হত্যা করুক, আওয়ামী লীগের কেউ জড়িত থাকে বা দলীয় কোন্দলে যদি হত্যা করা হয়ে থাকে, অবশ্যই দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। 
 
আইয়ুব হোসেন বলেন, আনারের মতো জনপ্রিয় নেতাকে এমন নৃশংসভাবে হত্যা করা হবে, তার লাশটা এখনো আমরা পাচ্ছি না, এটা অনেক দুঃখজনক। তার লাশটা এখনো পাচ্ছে না কেন। এতদিন লাগবে কেন। দ্রুত তার লাশটি কালীগঞ্জের মাটিতে চাই। এই আনার কয়েক হাজার মানুষের জানাজা পড়েছেন। এমনও দিন গেছে ৫-৬ জনের জানাজায় শরিক হয়েছেন। যদি তিনি সত্যিই মারা গিয়ে থাকেন তাহলে তার লাশটা কালীগঞ্জের মাটিতে দেখতে চাই। 
 
আইয়ুব হোসেন বলেন,  এই আনার ১৫ থেকে ২০ হাজার মানুষের জানাজার নামাজ পড়েছে। এমন দিনও গেছে ৫ থেকে ৬টি জানাজার নামাজের শরিক হয়েছেন। যদি সে সত্যিকার অর্থেই মারা গিয়ে থাকেন তাহলে তার লাশটা কালীগঞ্জের মাটিতে দেখতে চাই এবং আমরা তার জানাজার নামাজ পড়তে চাই। 
 
গত ১২মে চিকিৎসার জন্য দর্শনা সীমান্ত দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে যান ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম। ১৬ মে থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হন তিনি। 
 
বুধবার (২২ মে) তাকে হত্যা করা হয়েছে খবর শোনার পর পুরো কালীগঞ্জ উপজেলাজুড়ে চলছে শোকের মাতম। আনারের জন্ম ৩ জানুয়ারি ১৯৬৮ সালে, পেশায় ব্যবসায়ী। দ্বাদশ জাতীয় নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ) আসন থেকে তিনি তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হন। এর আগে ২০১৪ ও ১৮ সালে নির্বাচিত হয়েছিলেন তিনি। একজন ক্রীড়া সংগঠক এবং একসময়ের জনপ্রিয় ফুটবল খেলোয়াড় হিসাবেও তিনি এলাকায় পরিচিত ছিলেন।
 
সরেজমিনে গিয়ে দেখা যায়, তার মৃত্যুর সংবাদ শোনা পর থেকেই দলীয় নেতা কর্মীরা এমপির কার্যালয় ও তার বাসভনের সামনে জড়ো হতে থাকেন। মৃত্যুর ২য় দিনেও একই চিত্র দেখা গেছে। নেতাকর্মীদের মধ্যে হতাশা এবং বিভিন্ন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। সবাই জানতে চাইছে কেন আনার খুন হলো। ভারতে গিয়ে হত্যা কেউ মেনে নিতে পারছে না। নেতাকর্মীসহ সবার মাঝে দ্বিধা ও হতাশা বিরাজ করছে। 
 
উপজেলা যুবলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম তুহিন বলেন, এমপির মরদেহ টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। দেখলাম, জানলাম ৬ জন ধরা পড়েছে। এদের আড়ালে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। যে যাওয়ার সে চলে গেছে, কিন্তু আমাদের প্রিয় নেতা আনারের মরদেহটা শেষবারের মতো দেখতে চাই।
 
জেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের যুগ্ম-সাংগাঠনিক সম্পাদক আনিচুর রহমান মিঠা মালিতা বলেন, গত ১২ মে কানের চিকিৎসার জন্য ভারতে যান। সেখানে তাকে অপহরণ করে নির্মমভাবে হত্যা করা হয়েছে। গণমাধ্যমের খবরে জানতে পেরেছি ৬জন কিলার এমপির হত্যার সাথে জড়িত। এই হত্যার মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিন পাশ্ববর্তী উপজেলা কোটচাঁদপুর উপজেলার। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন আক্তারুজ্জামান শাহিনকে দ্রুত দেশে ফিরিয়ে এনে তাকে শাস্তির আওয়াই আনা হোক। সেই সাথে এমপির আনারের লাশ দেশে পাঠানোর ব্যবস্থা করা হোক।
 
কালীগঞ্জ পৌর সভার মেয়র আশরাফুল আলম বলেন, আপনারা অবগত আছেন, আমরাও রাষ্ট্রের মাধ্যমে অবগত হয়েছি এমপি আনার খুন হয়েছেন। আমরা ধরেই নিয়েছি তিনি খুন হয়েছেন। এখন আমরা হাজার হাজার নেতাকর্মীরা অপেক্ষা করছি তার ডেটবডিটা আমাদের কালীগঞ্জ মানুষের মাঝে ফিরিয়ে দিবেন। তবে কিভাবে তিনি খুন হেয়েছেন সেটা গোয়েন্দা বিভাগ তদন্ত করছে, তাদের তদন্ত শেষ হলেই বোঝা যাবে তিনি কিভাবে কি কারণে খুন হয়েছেন।
 
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম অপু বলেন, জনপ্রিয় এমপি ছিলেন আনার। তার এভাবে চলে যাওয়া মেনে নেওয়া খুবই কষ্টকর। পুলিশের গোয়েন্দা বিভাগ এই কত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করবেন সেই অপেক্ষায় আছি। তবে রাজনৈতিকভাবে আনারের কারো সাথে কোন দ্বন্দ্ব ছিল না। প্রকাশ্যে কারো সাথে দ্বন্দ্বে জড়াতে দেখিনি। তবে কে বা কারা তাকে নির্মমভাবে হত্যা করেছে সেটা তদন্তের মাধ্যমেই উদঘাটন হবে।


সম্পর্কিত খবর