এসএসসি পরীক্ষার ফলাফলে বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠান গুলো সাফল্যে অব্যাহত রেখেছে। রাজশাহী বিভাগের মধ্যে জেলার শিক্ষা প্রতিষ্ঠান গুলো এবার সর্বোচ্চ জিপিএ-৫ অর্জন করেছে। সেই সঙ্গে জেলার নামি শিক্ষা প্রতিষ্ঠান গুলোও তাদের সুনাম ধরে রেখেছে। জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠান গুলো থেকে ৬ হাজার ৫শ’ ৭৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এটি রাজশাহী বোর্ডের মধ্যে সর্বোচ্চ। বোর্ডের মধ্যে এর পরেই রয়েছে রাজশাহী। রাজশাহীর শিক্ষা প্রতিষ্ঠান গুলো থেকে জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৮০৫ জন শিক্ষার্থী।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম জানান রাজশাহী বোর্ডের আওতাধীন ৮ জেলা থেকে মোট জিপিএ পেয়েছে ২৮ হাজার ৭৪ জন। এর মধ্যে বগুড়া থেকে সর্বোচ্চ সংখ্যক জিপিএ পেয়েছে। বগুড়া ও রাজশাহী ছাড়া অপর ৬ জেলার মধ্যে সিরাজগঞ্জ থেকে জিপিএ ৫ পেয়েছে ৪ হাজার ৫৮৪, পাবনায় ৩ হাজার ৩৬৬, নওগাঁয় ৩ হাজার ৩৮০, চাঁপাইনবাবগঞ্জে ২ হাজার ১৯৯, নাটোরে ১ হাজার ৭৫৯ ও জয়পুরহাট থেকে ১ হাজার ৪০৭ জন জিপিএ ৫ পেয়েছে। বোর্ড সুত্র জানায় রাজশাহী বোর্ড থেকে এবার মোট পরীক্ষা দিয়েছিলেন ১ লাখ ৯৮ হাজার ৯২৯ জন। এরমধ্যে পাশ করেছে ১লাখ ৭৭ হাজার ৫৫৮ জন।
এদিকে বগুড়ার শিক্ষা প্রতিষ্ঠান গুলো যেমন জিপিএ ৫ প্রাপ্তির ক্ষেত্রে রাজশাহী বোর্ডের মধ্যে শীর্ষস্থান অর্জন করেছে তেমনি জেলার নামি প্রতিষ্ঠান গুলোও তাদের সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে পাশের হারও শতভাগ। বগুড়া জিলা স্কুল থেকে এবার ২৩৬ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাশের হার অর্জন করে জিপিএ ৫ পেয়েছে ২৩০ জন। বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে শত ভাগ পাশের হার নিয়ে ২৪৩ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ২৩১ জন। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ থেকে ৩৭১ পরীক্ষা দিয়ে জিপিএ ৫ পেয়েছে ৩৪২ জন। পাশের হার শতভাগ। বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ থেকে এবার পরীক্ষার্থী ছিলো ৪৪৪ জন। এখান থেকে শতভাগ পাশের হার নিয়ে জিপিএ ৫ পেয়েছে ৪০৪ জন। বগুড়া আর্মড ব্যাটালিয়ন পাবলিক স্কুল ও কলেজ থেকে শতভাগ পাশের হার নিয়ে ৩৪৮ পরীক্ষার্থীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩১২ জন। বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ২৫৭ জন। শত ভাগ পাশের হার নিয়ে এখান থেকে জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা ১৮৬। জেলা শহরের বাইরের শিক্ষা প্রতিষ্ঠান গুলোও পিছিয়ে নেই। বগুড়ার শিবগঞ্জ উপজেলার আমতলি মডেল স্কুল থেকে ৬৭ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪৫ আর এখানে পাশের হার শতভাগ।