ঝিনাইদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দুর্নীতিবাজ আখ্যা দিয়ে তার গলায় গামছা বেঁধে বিতাড়িত করার হুমকি দিয়েছেন মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি।
গত শুক্রবার (৭ জুন) সন্ধ্যা ৭টার দিকে ঝিনাইদহ-১ শৈলকুপা আসনের উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দারের এক সংবর্ধনা অনুষ্ঠানে পৌর মেয়র কাজী আশরাফুল আজম শৈলকুপা থানার ওসি মো. সফিকুল ইসলাম চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে এ হুমকি দেন।
এ সময় মেয়র বলেন, ‘এই দুর্নীতিবাজ ওসি সন্ত্রাস করছে। আমরা চাই অতিসত্বর দুর্নীতিবাজ প্রশাসন বিশেষ করে এই ওসি এখান থেকে চলে যাক। তা না হলে গলায় গামছা বেঁধে তাকে আমরা বিতাড়িত করব।’
ইতোমধ্যে মেয়রের ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে প্রশাসন এবং জনমনে ক্ষোভ ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
মেয়রের বক্তব্যের বিষয়ে সংসদ সদস্য নায়েব আলী জোয়ার্দ্দার বলেন, মেয়র সাহেবের এ ধরণের বক্তব্যকে আমি সমর্থন করতে পারছি না। হাজার হাজার নেতাকর্মীর সামনে সরকারের একজন গুরুত্বপূর্ণ পুলিশ কর্মকর্তাকে নিয়ে এই ধরণের বক্তব্য সমীচীন হয়নি।
এদিকে শৈলকুপার ওসি সফিকুল ইসলাম চৌধুরী তার বিরুদ্ধে মেয়রের আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন।
তিনি সাংবাদিকদের বলেন, ‘উপজেলা নির্বাচন পরবর্তীতে মেয়র ও সারুটিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা জুলফিকার কায়সার টিপুর কর্মী-সমর্থকরা শৈলকূপা বাজার ও বিভিন্ন ইউনিয়নে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারছেন না। এজন্য আমার ওপর নাখোশ হয়ে মেয়র সাহেব এ বক্তব্য দিতে পারেন।’
মেয়রের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে জেলা পুলিশ সুপার মো. আজিম-উল-আহসানের কাছে জানতে চাওয়া হলে তিনি জানান, শৈলকুপার মেয়র কেন বা কোন কারণের এই ধরণের মন্তব্য করলেন সেটা তার জানা নাই। তবে, উনার বক্তব্যের পেছনে কি কারণ আছে সেটি তদন্ত করে পুলিশের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।