দেশের খবর

কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলায় আহত ব্যক্তি তিন দিন চিকিৎসাধীন অবস্থায় নিহত

মাদারীপুরের কালকিনিতে স্বতন্ত্র প্রার্থীর বিজয় মিছিলে বোমা হামলার ঘটনায় আহত একজন  বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় নিহত হয়েছে। বোমা হামলার ঘটনা ঘটে গত সোমবার বেলা ১১টার দিকে কালকিনি উপজেলার আলিনগর ইউনিয়নের ফাসিয়াতলা বাজারে। এই ঘটনায় দোষীদের বিচার দাবি করা হয়েছে নিহতের পরিবারের পক্ষ থেকে। 

সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে,  দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-৩ আসনে নৌকার প্রার্থী ড. আবদুস সোবহান মিয়া গোলাপকে পরাজিত করে স্বতন্ত্র প্রার্থী তাহমিনা বেগম বিজয়ী হয়েছেন। ৮ জানুয়ারি সোমবার সকালে তাহমিনার সমর্থক আলিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাফিজুর রহমান মিলন সরদারের নেতৃত্বে একটি বিজয় মিছিল কালিগঞ্জ থেকে বেরিয়ে ফাসিয়াতলা বাজারের যাবার পথে মিছিলে অতর্কিত হামলা চালানো হয়। এ সময় মিছিলে বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করার অভিযোগ ওঠে। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে। হামলায় গুরুতর আহত হয় এমারাত সরদার নামে স্বতন্ত্র প্রার্থীর এক কর্মী। তিন দিন চিকিৎসাধীন অবস্থায় থাকার পর বৃহস্পতিবার দুপুরে ঢাকার প্রাইম জেনারেল হাসপাতালে মারা যায় এমারাত। এদিকে নিহতের ঘটনায় দোষীদের বিচার দাবি করেছেন নিহতের পরিবার।

নিহতের স্ত্রী শাহনাজ বেগম বলেন, আমার স্বামীকে বিজয় মিছিলে বোমা মেরে গুরুতর জখম করে। পরে বৃহস্পতিবার তিনি মারা যান।  আমি এই হত্যার বিচার চাই।

নিহতের ছেলে অহিদ সরদার বলেন, আমার বাবা স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ছিল। নির্বাচনের পরের দিন বিজয় মিছিলে শাহিদ পারভেজ চেয়ারম্যানের নির্দেশে বাবার উপর বোমা নিক্ষেপ করে। পরে আমার বাবা ঢাকাতে মারা গেছে। আমি হত্যাকারীদের বিচার চাই।

প্রাইম জেনারেল হসপিটালের সিইও ডা. গোলাম মস্তফা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমাদের হাসপাতালের তাকে বেশকিছু চিকিৎসা দেই। তবে তিনি চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে মারা যায়।

মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য তাহমিনা বেগম দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, আমার কর্মীকে পরিকল্পিতভাবে বোমা মেরে হত্যা করা হয়েছে। আমি দোষীদের গ্রেফতার ও বিচার চাই।

মাদারীপুর পুলিশ সুপার মাসুদ আলম নিহতের বিষয় নিশ্চিত করে বলেন, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলায় জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।



সম্পর্কিত খবর