ঢাকা

কালিয়াকৈরে মাদরাসা থেকে পালানোর সময় ছাদ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে মাদরাসা থেকে পালানোর চেষ্টাকালে সাততলা ভবনের ছাদ থেকে পড়ে আলিফ ইসলাম (১১) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার সফিপুর এলাকার ‘সাফিয়াতুল উম্মাহ ক্যাডেট মডেল মাদরাসা’ ভবনে এ ঘটনা ঘটে।

 

নিহত আলিফ ইসলাম কালিয়াকৈর উপজেলার মৌচাক রতনপুর কৌছাকুড়ি গ্রামের শহিদুল সাদানের ছেলে। সে ওই মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ছিল।

 

মাদরাসা কর্তৃপক্ষ ও পুলিশ জানায়, আলিফের মা প্রবাসী হওয়ায় তাকে মাদরাসায় আবাসিক রেখে পড়াশোনা করানো হচ্ছিল। তবে ভর্তির পর থেকেই সে একাধিকবার বাড়িতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মঙ্গলবার রাতে সে পুনরায় বাড়িতে যাওয়ার বায়না ধরলে কর্তৃপক্ষ ভিডিও কলের মাধ্যমে ওমানে অবস্থানরত তার মায়ের সঙ্গে কথা বলিয়ে দেয়। এর কিছুক্ষণ পর সে শান্ত হলেও বুধবার ভোরে সবার অগোচরে ভবনের ছাদে চলে যায়। সেখান থেকে পাইপ বেয়ে নিচে নামার চেষ্টাকালে নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গুরুতর আহত হয়।

 

গুরুতর অবস্থায় আলিফকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

কালিয়াকৈর থানার পুলিশ জানায়, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 



সম্পর্কিত খবর