ঝিনাইদহের কালীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ সময় তাঁরা একটি ক্লিনিকে ঢুকে তিনজনকে মারধর করেন। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টার দিকে শহরের মুরগিহাট এলাকার আনছার ক্লিনিকের সামনে এ ঘটনা ঘটে।
হামলায় আহতরা হলেন—আনছার ক্লিনিকের মালিক আলমগীর হোসেন, পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তৌফিক এবং মাহাবুর রহমান। আহত প্রত্যেকের মাথায় তিন থেকে চারটি সেলাই দেওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত সাড়ে আটটার দিকে শহরের মুরগিহাট এলাকায় জ্যোতি নামের এক যুবকের সঙ্গে তুহিন নামের অন্য একজনের কথা কাটাকাটি হয়। পরে ঘটনাস্থলেই তা মীমাংসা হয়ে যায়। সে সময় ক্লিনিকের মালিক আলমগীর হোসেন সেখানে উপস্থিত ছিলেন। এরপর ঘটনাস্থলে আসেন পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের জামায়াতের কাউন্সিলর প্রার্থী নাজিম বিশ্বাস। তিনি মুঠোফোনে কয়েকজনকে ঘটনাস্থলে আসতে বলেন। এর কিছুক্ষণের মধ্যে ক্লিনিকের নিকটবর্তী জামায়াত নেতা আবু তালিবের অফিস থেকে জামায়াতের ১০-১৫ জন নেতাকর্মী লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে আসেন এবং তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করেন। জামায়াতের দুই কর্মী একজনকে ধাওয়া করে ক্লিনিকের ভেতরে প্রবেশ করেন এবং রোগীর সামনেই মারধর শুরু করেন। এতে রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
তুহিন হোসেন নামের এক যুবক বলেন, ‘রাতে কলেজপাড়া এলাকার জ্যোতি নামের একটি ছেলের সঙ্গে তার দিকে তাকানো নিয়ে সামান্য কথা কাটাকাটি হয়েছিল। এরপর তা মিটমাটও হয়ে যায় এবং আমরা সেখান থেকে চলে আসি। জামায়াত নেতাকর্মীদের সঙ্গে আমাদের কোনো কথাই হয়নি। তারা হঠাৎ এসে আমাদের ওপর হামলা চালায়।’
হামলায় আহত ক্লিনিকের মালিক আলমগীর হোসেন বলেন, ‘আমি ক্লিনিকের সামনের একটি দোকানে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ দুই যুবকের মধ্যে বাকবিতণ্ডা হতে দেখে আমি উভয়পক্ষকে আলাদা করে দিই। এর কিছুক্ষণ পর জামায়াতের নাজিম এসে ফোন করে কয়েকজনকে ডেকে এনে মারধর শুরু করে। তারা ইট দিয়ে মাথায় আঘাত করে এবং একজনকে দা দিয়ে কুপিয়ে জখম করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করব।’
হাসপাতালে চিকিৎসাধীন সিজারিয়ান রোগী মারুফা বেগম বলেন, ‘গত তিন দিন আগে আমার সিজারিয়ান অপারেশন হয়েছে। হঠাৎ রাতে দুজন হাসপাতালে এসে একজনকে মারধর শুরু করেন। এ সময় ভয়ে আমার নবজাতক সন্তান চিৎকার করে ওঠে।’
এ বিষয়ে বক্তব্য জানতে জামায়াত মনোনীত ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী নাজিম বিশ্বাসের মুঠোফোনে কল করা হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে বাড়িতে মেহমান আছে জানিয়ে ফোন কেটে দেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী বলেন, জখম হওয়া তিন যুবক থানায় এসেছিলেন। তাঁরা লিখিত এজাহার দিলে অবশ্যই তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।