ঢাকার বারিধারা-গুলশান কূটনৈতিক এলাকা ২৪ ঘণ্টাই সর্বোচ্চ নিরাপত্তার চাদরে ঢাকা থাকে। এখানে নতুন করে নিরাপত্তা জোরদার করা হয়েছে—বিষয়টি এমন নয়, বরং এ এলাকায় সবসময়ই সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা বজায় থাকে বলে জানিয়েছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগের উপ-পুলিশ কমিশনার (এডিসি) আবু খায়ের বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, ইমেইলের মাধ্যমে দূতাবাসগুলোতে হুমকির মতো কোনো বিষয় থাকলেও তা ঊর্ধ্বতন কর্মকর্তারা দেখছেন।
এখানে বিভিন্ন দেশের দূতাবাসসহ প্রায় ৫০টি বিদেশি কূটনৈতিক স্থাপনা রয়েছে। সবগুলো স্থাপনাকেই আমরা সার্বক্ষণিক শতভাগ নিরাপত্তাবলয়ের মধ্যে রেখেছি। চীন ও রাশিয়ার দূতাবাসে হুমকি দিয়ে ই-মেইল পাঠানোর বিষয়ে জানতে চাইলে আবু খায়ের বলেন, আমরা ডিপ্লোম্যাটিক জোনের নিরাপত্তার বিষয়টি দেখাশোনা করি। তবে ই-মেইলের বিষয়গুলো সত্য নাতি মিথ্যা, সেটি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা যাচাই করে থাকেন।