দেশের খবর

কোটি টাকার মালিক সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী, দুদকে অভিযোগ

জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার রেজাউল করিম নামে সরকারি অফিসের এক কর্মচারীর বিরুদ্ধে। সম্প্রতি রবিউল আলম নামে অবসরপ্রাপ্ত এক সেনা সদস্য এই বিষয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অভিযোগ করেছেন।

 

দুদক চেয়ারম্যান বরাবর পাঠানো অভিযোগপত্রে বলা হয়, ঝিনাইদহের শৈলকুপা পৌরসভার কোর্টপাড়া এলাকার মৃত শাহজাহান উদ্দিনের ছেলে রেজাউল করিম। তিনি ঝিনাইদহ জেলা সাব-রেজিস্ট্রার কার্যালয় করনিক/ক্লাক পদে চাকুরী করে বর্তমানে অফিস সহকারি হিসেবে কর্মরত আছেন। বিগত কয়েক বছর যাবৎ তিনি অনেক অর্থ সম্পদ জায়গা জমি ক্রয় করছেন বলে অভিযোগে উল্লেখ করে বলা হয়েছে, চাকুরীতে যোগদান করার শুরুতে রেজাউল করিমের যে সম্পদ ছিল তা বর্তমানে অনেক বেড়ে গেছে যা তদন্ত করলে প্রমাণ মিলবে। এছাড়া স্থানীয় গ্রামের মাঠ ও জেলা-উপজেলা শহরের বিভিন্ন জায়গায় আনুমানিক এক কোটি ৫০ লক্ষ টাকার সমপরিমাণ অর্থ সম্পদ মজুদ করছেন। তিনি তার স্ত্রী ও ছেলেমেয়ের নামে আলাদা আলাদাভাবে অর্থ সম্পদ করেছেন। এছাড়া টাকা পয়সার অধিক্য ও প্রভাব বিস্তার করে সামাজিক ও রাজনৈতিক কর্মকান্ডে কবজা করে রাখছেন বলেও অভিযোগ রয়েছে। অভিযোগে রেজাউল করিমের কয়েকটি জমির তালিকা দেখিয়ে বলা হয়েছে, তিনি নিজ গ্রাম নাদপাড়া পূর্বপাড়ায় আলিসান বাড়ি নিমার্ণ করেছেন। রেজাউল করিমের বিরুদ্ধে অফিসের দাপ্তরিক কাজে ঘুষ ছাড়া কোনো কাজ না করার অভিযোগ এনে বলা হয়েছে, উচ্চমূল্যে জমি কিনে নিজের চাকরির প্রভাব খাটিয়ে দানপত্র দলিলের মাধ্যমে রেজিস্টারী করেন। এতে তিনি সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিচ্ছেন। কয়েক বছর আগে দুর্নীতি দমন কমিশনে তার বিরুদ্ধে দুর্নীতির তথ্য বের হয় কিন্তু কোনো অজানা কারণে স্থগিত হয় বলেও অভিযোগ সূত্রে জানা গেছে।

 

অভিযোগকারী রবিউল আলম বলেন, ‘কয়েক বছর যাবৎ রেজাউল করিম অনেক অর্থ সম্পদ জায়গা জমি ক্রয় করছে, এই টাকার উৎস কোথায়। অফিস ক্লাক হয়ে এতো বেশী উর্পাজন কিভাবে হয় যে এতো অর্থ সম্পদ তৈরি করা সম্ভব হয়।’

 

এ বিষয়ে রেজাউল করিমের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘সব মিথ্যা। অভিযোগকারী আমার ক্ষতি চায়। এজন্য এসব অপপ্রচার করে বেড়াচ্ছে। আপনারা সব যাচাই করে দেখেন।’

 



সম্পর্কিত খবর