খুলনা

কোনো অপশক্তি নির্বাচন বিঘ্নিত করতে পারবে না: খুলনা বিভাগীয় কমিশনার

খুলনা বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশিশক্তি মোকাবিলা ও কোনো অপশক্তি যাতে নির্বাচন বিঘ্নিত করতে না পারে, সে ব্যাপারে খুলনা বিভাগের ১০ জেলায় নির্বাচন কমিশনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।

 

তিনি শনিবার (২০ ডিসেম্বর) সকালে ঝিনাইদহ শহরের চাকলাপাড়াস্থ সার্কিট হাউস এলাকায় পরিবেশবান্ধব ফলের বাগান ও সৌন্দর্যবর্ধন প্রকল্প উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

 

বিভাগীয় কমিশনার আরও বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গ্রহণযোগ্য, সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করতে সম্ভব সবকিছু সম্পন্ন করা হয়েছে। নির্বাচন কমিশনের আইনকানুন ও প্রণীত নীতিমালা কঠোরভাবে অনুসরণ করা হবে।

 

এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সায়েদ মো. মনজুর আলম, ঝিনাইদহ জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মো. মাহফুজ আফজাল, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রথীন্দ্রনাথ রায়, উপজেলা কৃষি কর্মকর্তা নূর-এ নবী, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি আসিফ কাজল, নবনির্বাচিত সভাপতি বাংলাভিশন টিভির আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক ও দৈনিক মানবজমিন পত্রিকার আমিনুল ইসলাম লিটন, ঝিনাইদহ রিপোর্টার ইউনিটির সভাপতি এম এ কবীরসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ বলেন, ঝিনাইদহের মানুষ বেশি আবেগপ্রবণ। তবে তাঁরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি আশা করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করতে জেলার মানুষ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসবেন।

 


সম্পর্কিত খবর