টানা কয়েক দিন সূর্যের মুখ দেখে নি কেউ। প্রকৃতিও ছিল গোমরামুখী। জনজীবন হয়ে পড়েছিল স্থবির। চারদিক ছিল ঘন কুয়াশার চাদরে ঢাকা। সাথে ছিল প্রচন্ড শীত। অত্যধিক ঠান্ডায় মানুষজনসহ পশু-পাখি সবারই যেন জড়োসড় অবস্থা। বিশেষ করে বৃদ্ধ-শিশু-রোগীদের অবস্থা ছিল খুবই শোচনীয়। বয়োবৃদ্ধরা অতি ঠান্ডায় আরো কাহিল হয়ে পড়েছে। অবুঝ শিশুদেরও নিদারুণ কষ্টের সীমা ছিল না। রোগীদের জীবনে নেমে এসেছিল এক চরম দুর্যোগ। অতি ঠান্ডায় নতুন নতুন রোগে আক্রান্ত হয়ে পড়েছিল। সব মিলিয়ে দুর্বিসহ এক জীবন কাটাচ্ছিল তারা। আর নিরীহ অবলা পশুরা ছিল খুবই অসহায়। মানুষজন সাধ্যমত শীত বস্ত্র জড়িয়ে ও খড়কুটো জ্বালিয়ে কোন রকমে শীত নিবারণের চেষ্টা করেছে মাত্র। কিন্তু অসহায় পশুরা না পেরেছে তা কইতে আর না পেরেছে সইতে। মালিকরা দয়া পরবশ হয়ে ছেঁড়া কাঁথা-কম্বল-চট দিয়ে শীত থেকে বাঁচাতে করেছে ব্যর্থ চেষ্টা। তাদের দুঃখের যেন আর শেষ নেই। অপরদিকে শীতকালীন শাক-সবজি ও বীজতলার ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ফলে ঠান্ডাজনিত কারণে শাক-সবজির নানা রোগ-বালাইও দেখা দিয়েছে। এতে ব্যাহত হয়েছে আশানুরূপ ফলন। বড় ক্ষতি থেকে নিস্তার পায় নি বীজতলাও। বীজতলার চারাগুলোর দৈহিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হয়েছে। বাধাপ্রাপ্ত হয়েছে সকল জীবের স্বাভাবিক জীবনযাপন। এ থেকে বাদ যায় নি গাছপালাও। উৎপাদন ব্যাহত হয়েছে নানা ফসলের। হঠাৎ সোমবার দুপুরের এক ঝলক রোদ সবার জীবনে খুশির ঝিলিক ছড়িয়ে দিল। প্রকৃতি যেন নতুন করে প্রাণ ফিরে পেল। আবার সচল হলো সকল জীবের স্বাভাবিক জীবনযাত্রার।