খুলনা

গাঁজা মামলায় দুই মাদক ব্যবসায়ীর ৫ বছর করে কারাদণ্ড, পলাতক একজন

গাঁজা মামলায় যশোরের শার্শা উপজেলায় দুই মাদক ব্যবসায়ীর প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। বুধবার (১৫ অক্টোবর, ২০২৫) দুপুরে যশোরের বিশেষ দায়রা ও বিশেষ জজ (জেলা ও দায়রা জজ) এস এম নূরুল ইসলাম এক রায়ে এ সাজা দেন।

 

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন— শার্শা উপজেলার শিকারপুর গ্রামের মৃত ইজ্জত আলীর ছেলে মফিজুর রহমান এবং গোড়পাড়া গ্রামের উত্তরপাড়ার আলী হোসেন ওরফে ইয়াকুব আলীর ছেলে সাগর। আসামিদের মধ্যে মফিজুর রহমান বর্তমানে জেলে আছেন, তবে সাজাপ্রাপ্ত সাগর পলাতক রয়েছেন।

 

 

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২০ সালের ১০ নভেম্বর রাতে শার্শার গোড়পাড়া ক্যাম্পের পুলিশ একঝালা গ্রামের শুকুর আলীর বাড়ির সামনে থেকে দুই মাদক ব্যবসায়ীকে ধাওয়া করে। এ সময় বস্তাসহ দৌড়ে পালানোর সময় পুলিশ মফিজুর রহমানকে আটক করে। সাগর বস্তা ফেলে পালিয়ে যান। বস্তা দুটি তল্লাশি করে মোট ৩০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

 

এ ঘটনায় এসআই এজাজুর রহমান বাদী হয়ে আটক মফিজুর রহমান ও পলাতক সাগরের বিরুদ্ধে শার্শা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এসআই মোস্তাফিজুর রহমান ওই দুইজনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

 

দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে ৫ বছর করে সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।



সম্পর্কিত খবর