ঢাকা

গাকৃবিতে বর্ণাঢ্য আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন

যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও উৎসবমুখর পরিবেশে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) উদযাপিত হয়েছে ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। 

 

বৃহস্পতিবার (২৬ মার্চ) দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পালিত হয় জাতির গৌরবোজ্জ্বল এ দিবস।

 

দিবসের কর্মসূচি শুরু হয় সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ‘৩৬শে জুলাই চত্বর’-এ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর অনুষ্ঠিত হয় সুশৃঙ্খল মার্চ পাস্ট, যা পুরো ক্যাম্পাসে দেশপ্রেম ও স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ পরিবেশ সৃষ্টি করে। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. জি.কে.এম. মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে মহান মুক্তিযুদ্ধে শহিদদের স্মরণে উপাচার্য শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, বিভিন্ন আবাসিক হল, স্কুলের শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা- কর্মচারী ও শ্রমিকরা শ্রদ্ধা নিবেদন করেন।

 

র‍্যালি শেষে পরিচালক (ছাত্রকল্যাণ) প্রফেসর ড. মো. শরীফ রায়হানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে বক্তব্য রাখেন উপাচার্য, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ, শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী, সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো. সাইফুল আলম এবং রেজিস্ট্রার মো. আবদুল্লাহ মৃধা।

 

সভায় উপাচার্য মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন এবং দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণায় অর্জিত সাফল্যের কথা উল্লেখ করে এ ধারাবাহিকতা বজায় রাখতে প্রশাসনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

 

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহিদদের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

 

উৎসবমুখর ও সুশৃঙ্খল আয়োজনে উদযাপিত এ দিবস গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশপ্রেম ও জাতীয় চেতনার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে।



সম্পর্কিত খবর