রাজনীতি

গাজী নজরুলের বিষয়ে কোনো চিঠি আসেনি: ইসি

ঢাকা: সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আসেনি বলে জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ। তিনি বলেন, চিঠি এলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। সোমবার (২১ সেপ্টেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন ইসি সচিব। আখতার আহমেদ বলেন, সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিষয়ে এখনো সংসদ থেকে কোনো চিঠি আসেনি।

 

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী এ বিষয়ে চিঠি দিয়েছিল। কিন্তু আইন অনুযায়ী সংসদ থেকে কোনো চিঠি না আসলে আমাদের ব্যবস্থা নেওয়ার কোনো সুযোগ নেই।

 

সম্প্রতি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন (১৯) আত্মহত্যা করলে বিষয়টি নিয়ে পুনরায় আলোচনার সৃষ্টি হয়। এর আগে ওই স্ত্রীর সঙ্গে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সম্প্রতি জামায়াত তাকে দল থেকে বহিষ্কার করে।

 

একই সঙ্গে তার সংসদ সদস্য পদ শূন্য ঘোষণার ব্যবস্থা নিতে স্পিকার ও ইসিকে চিঠি দেয় দলটি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, আইন অনুযায়ী রাজনৈতিক দল থেকে স্পিকারের কাছে উত্থাপিত বিরোধ স্পিকার সিইসির (প্রধান নির্বাচন কমিশনার) কাছে পাঠালে কমিশন শুনানি শেষে ব্যবস্থা গ্রহণ করে। স্পিকারের কাছে উত্থাপিত সেই বিরোধ নিষ্পত্তির জন্য কোনো চিঠি এখনো ইসির কাছে এসে পৌঁছায়নি।

 



সম্পর্কিত খবর