জাতীয়

গুলশানে জাতিসংঘ ভবনের উদ্বোধন করলেন আন্তোনিও গুতেরেস

রাজধানীর গুলশানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো জাতিসংঘ ভবন ‘ইউএন হাউস’। আজ শনিবার (১৫ মার্চ) সকালে ভবনটির উদ্বোধন করেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

উদ্বোধনী অনুষ্ঠানে জাতিসংঘ মহাসচিব ভবনটি পরিদর্শন করেন এবং বাংলাদেশ-জাতিসংঘ সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখেন। অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উদ্বোধন অনুষ্ঠান শেষে দুপুরে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে সংস্কার প্রস্তাবনা নিয়ে একটি গোলটেবিল আলোচনায় অংশ নেবেন গুতেরেস। এরপর তিনি তরুণ সমাজ ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে একটি বিশেষ মতবিনিময় সভায় যোগ দেবেন।

দিনের শেষ ভাগে বিকেলে জাতিসংঘ মহাসচিব ও পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন একটি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা রয়েছে।

বায়ান্ন/এএস/পিএইচ



সম্পর্কিত খবর