খুলনা

ঘাসমারা ওষুধ ছিটিয়ে ধানখেত নষ্ট, থানায় অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জে শত্রুতাবশত ঘাসমারা ওষুধ ছিটিয়ে এক কৃষকের ২০ শতক জমির ধানখেত নষ্টের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক রনিক ইসলাম বাদী হয়ে দুজনের নামে কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে, উপজেলার মথনপুর গ্রামের মাঠে কৃষক রনিক ইসলামের ২০ শতক জমিতে ধানের আবাদ রয়েছে। গত মঙ্গলবার তিনি ক্ষেতে গিয়ে দেখেন ধান শুকিয়ে মরে যাচ্ছে।

তিনি জানতে পারেন, আগের দিন সোমবার দুপুর ১২টার দিকে একই গ্রামের সুশান্ত ঘোষ ও মোল্লাডাঙ্গা গ্রামের সুলতান আহমেদ তার ক্ষেতে ঘাসমারা ওষুধ ছিটিয়েছেন। এতে তার চলতি মৌসুমের ধান নষ্ট হয়ে ব্যাপক ক্ষতি হয়েছে।

কৃষক রনিক ইসলাম আরও জানান, বিষয়টি নিয়ে তার বাবা নায়ের আলী অভিযুক্তদের কাছে জানতে চাইলে তার সঙ্গে কথা-কাটাকাটি হয়। অভিযুক্তরা তার বাবাকে গালিগালাজসহ বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করার হুমকি দেন। ক্ষতিগ্রস্ত কৃষক রনিক জানান, ঘটনার সময় রাব্বি হোসেন (২০) ও জীবন (২৮) নামে স্থানীয় দুই ব্যক্তি উপস্থিত ছিলেন। পূর্বশত্রুতার জেরেই অভিযুক্তরা তার ক্ষেত নষ্ট করেছেন। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা না হওয়ায় তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগের বিষয়ে নিতাই ঘোষের ছেলে সুশান্ত ঘোষ বলেন, "গভীর নলকূপের ড্রেন পরিষ্কারে ঘাসমারা ওষুধ ছিটানোর সময় বাতাসে উড়ে পাশের জমিতে পড়লে কিছু ধানের ক্ষতি হয়েছে। এটি ইচ্ছাকৃত নয়।" অপর অভিযুক্ত সুলতান আহমেদ শিলু জানান, অসাবধানতাবশত বাতাসে ওষুধ উড়ে এমনটি হয়েছে, তারা ইচ্ছে করে তা করেননি।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, "কৃষকের ধান নষ্টের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।"

 


সম্পর্কিত খবর