ঝিনাইদহের কালীগঞ্জে গর্ভবতী মা ও নবজাতকের সুরক্ষায় সহায়ক ‘ইন্টারভেনশন ইউনিট’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকেল সাড়ে চারটায় উপজেলার কোলা চার্চে ‘মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প (কোলা বিডি-০৩৫৫)’-এর আয়োজনে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পের উদ্বোধন ঘোষণা করেন।
কোলা বিডির সভাপতি জন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা আক্তার, প্রকল্প ম্যানেজার টাইটাস বৈরাগী, আশীর্বাদ প্রজেক্ট কো-অর্ডিনেটর বিপ্লব মালো প্রমুখ।
প্রকল্পটির আওতায় ‘সুস্থ মা, নিরাপদ জন্ম, উজ্জ্বল ভবিষ্যৎ’ গড়ার প্রত্যয়ে প্রাথমিকভাবে ১৫ জন গর্ভবতী মাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদেরকে নিয়মিত পর্যবেক্ষণের মাধ্যমে নিরাপদ প্রসবের ব্যবস্থা, সুস্থ নবজাতক লাভ, স্বাস্থ্যসম্মত পরামর্শ ও সঠিক চিকিৎসাসেবা প্রদানসহ নিরাপদ জন্মদানের যাবতীয় ব্যবস্থা এই প্রকল্পের মাধ্যমে নেওয়া হবে।