চট্টগ্রামে চিন্ময়কান্ডে আদালত প্রাঙ্গণে পুলিশের ওপর হামলা ও ভাংচুরের মামলায় ৮ আসামির ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেনের আদালত এই রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে সকালে পুলিশের কড়া নিরাপত্তায় এই ৮ আসামিকে কারাগার থেকে আদালতে আনা হয়। এসময় আদালতের প্রবেশ মুখে থেকে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন ছিল।
রিমান্ড মঞ্জুর হওয়া আসামিরা হলেন, ইমন চক্রবর্তী, সুজন দাশ, সৌরভ দাশ, রফিক, সুমন দাশ, রুপন দাশ, আহমেদ হোসেন ও সাকিবুল আলম।
এপিপি অ্যাডভোকেট রিয়াদ উদ্দীন জানান, মামলার তদন্তকারী কর্মকর্তা ৮ আসামির ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ২৭ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশের ওপর হামলা ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করে।
এর আগে, গত ২৬ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর তাকে কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়।
এসময় তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলাকালে এদিন বিকেলে রঙ্গম কমিউনিটি হল সংলগ্ন এলাকায় কুপিয়ে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। তিনি লোহাগাড়ার চুনতি ইউনিয়নের ফারাঙ্গা এলাকার জামাল উদ্দিনের ছেলে।
বায়ান্ন/প্রতিনিধি/একে