ঝিনাইদহের শৈলকুপায় চুরির অপবাদে এক মাদরাসাছাত্রের ওপর অমানবিক নির্যাতনের অভিযোগে দুই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৩০ মে) রাত ১০টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- শৈলকুপার হাটফাজিলপুর মুহাম্মাদিয়া মাদরাসার শিক্ষক মাহমুদ হাসান ও মাহাদী হাসান।
জানা গেছে, ২৭ মে হাটফাজিলপুর মুহাম্মাদিয়া মাদরাসায় ঘড়ি চুরির অপবাদ দিয়ে ওই মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র তাওহীদ হোসেনকে রাতের আঁধারে হাত-পা বেঁধে বেধড়ক মারপিট করেন শিক্ষক মাহমুদ হাসান ও মাহাদী হাসান। ঘণ্টাব্যাপী চলে বর্বোচিত অত্যাচার। এতেই ক্ষ্যান্ত হয়নি শিক্ষকরা। এরপরে দু’দিন তাকে আটকে রাখা হয় একটি রুমে। পরে সুযোগ বুঝে ছাত্র তাওহীদ পালিয়ে ফিরে আসে তার এক আত্মীয়ের বাড়িতে। এখন সে হাসপাতালের বেডে কাতরাচ্ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ৯ বছরের তাওহীদ হোসেন ঝিনাইদহের শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিছানায় কাতরাচ্ছে। না পারছে শুতে, না পারছে বসতে। সারা শরীরে চরম অমানবিকভাবে পেটানোর ছাপ। শরীরের এমন কোনো জায়গা নেই যে সেখানে দগদগে সেই ক্ষত চিহ্ন নেই। হুজুরের ঘড়ি চুরির অভিযোগে হাত-পা বেঁধে রাত ১০ থেকে রাত ১২টা পর্যন্ত চলে দুই শিক্ষকের পৈশাচিকতা। এতেই ক্ষ্যান্ত হয়নি শিক্ষক শিক্ষক মাহমুদ হাসান ও মাহাদী হাসান। তাকে আটকে রাখা হয় ওই রুমেই পরের দুই দিন।
তাওহীদ জানায়, এরপর কৌশলে তাওহীদ পালিয়ে বাঁচে মাদরাসা থেকে। সেখান থেকে প্রথমে যায় তার ফুফু বাড়ি। এরপর বাবা-মাকে খবর দিলে তারা তাকে ২৯ মে শৈলকূপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি কারে। সে আরও বলে, আমি অনেক কাকুতি মিনতি করেছি কিন্তু তারা আমাকে ছাড়েনি। আমি চুরি করিনি।
বাবা মান্নান বিশ্বাস জানান, বিচার ছাড়া কিছু চাই না। আমার ছেলে ওই মাদরাসায় ৩ বছর পড়ে। কখনই তারা আমাকে এই ধরনের কথা বলেনি। আমার ৪ ছেলে মেয়ে তাদের এমন ঘটনার কোনো রেকর্ড নেই। সব সময় শিক্ষকরা বলেছে ভালো ছেলে। ভালো করে পড়াশোনা করছে। কিন্তু তারা যে অভিযোগ এনেছে তা মিথ্যা।
এলাকাবাসী জানান, এ নির্যাতনের সঠিক ও দৃষ্টান্তমূলক শাস্তি হোক।
শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ডা. শোহেলি ইসলাম জানান, আগের চেয়ে রোগীর অবস্থা এখন অনেকটা উন্নতির দিকে।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) সফিকুল ইসলাম চৌধুরী বলেন, মাদরাসাছাত্রকে হাত-পা বেঁধে নির্যাতনের ঘটনাটি গণমাধ্যমে দেখার পর আমি ব্যথিত হই। ওই ছাত্র ও তার অভিভাবকের সঙ্গে দেখা করি। পরে থানায় একটি লিখিত অভিযোগ দেন তাঁরা। অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় আমরা দুই শিক্ষককে গ্রেফতার করেছি। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদরাসা সূত্রে জানা যায়, ৩ বছর আগে বাবা-মাতা ঝিনাইদহের শৈলকুপার হাটফাজিলপুর মুহাম্মাদিয়া মাদরাসায় দিয়েছিল ইসলামিক শিক্ষায় বড় হবে সে। মাদরাসার বর্তমান ছাত্রের সংখ্যা ২৫০ এর বেশি। তবে বোডিং থাকে ১০০ ছাত্র। মাদরাসাটি ২০০৫ সালে প্রতিষ্ঠিত হয়। তাওহীদের বাড়ি একই উপজেলার রঘুনন্দনপুর গ্রামে। তার বাবা একজন কৃষক।