বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়া সদর -৩ আসনের সংসদ সদস্য মাহবুবউল আলম হানিফ বলেন, বিএনপি এখন আর রাজনৈতিক দলে নেই তারা সন্ত্রাসী দলে পরিণত হয়েছে। বিএনপি ও লন্ডনের তারেকের কথাবার্তায় দেশবাসি এখন বিভ্রান্ত হচ্ছে না। তাদের কথা এখন কেউ শুনছে না। বিএনপি রাজনৈতিক ভাবে দেউলিয়া একটি জনবিছিন্ন দল। তাদের কোন জন সম্পৃক্ততা নেই বলে নির্বাচনে আসেনি। নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক ও সময়পযোগী সিদ্ধান্ত নিয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী সঠিক নিয়মে হবে।
১৫ ডিসেম্বর, শুক্রবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আগামীর আহবানে স্বনির্ভর পরিবেশ বান্ধব দেশ গড়ার প্রত্যয় নিয়ে বিক্রয় প্রতিনিধির সাথে মতবিনিময় সভায় যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমানে বিএনপির কোনো নেতা নেই। তারেক রহমানের রাজনীতির বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই এবং রাজনীতির সাথে জড়িত ছিল না। তার মা বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশে প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি রাষ্ট্রকে অপব্যবহার করে দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে। এসব কর্মকাণ্ডে তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে এবং তিনি একজন দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এরকম সন্ত্রাসীর কথায় দেশে নির্বাচন বানচাল করার জন্য বাস, ট্রাক ও ট্রেনে আগুন দিয়ে নাশকতা করে দেশের সম্পদ ও দেশের মানুষের সম্পদ নষ্ট করা হচ্ছে। বিএনপি নামক দলটিকে জনগণের উচিত প্রতিহত করা। তাহলেই আস্তে আস্তে বিএনপি বিলুপ্ত হয়ে যাবে।
অপর এক প্রশ্নের জবাবে হানিফ আরো বলেন, বিএনপির ট্রেনের লাইন কেটে নাশকতা করাসহ চোরাগুপ্তা হামলাকারীর বিরুদ্ধে কঠোরভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে। তাদেরকে শীঘ্রই আইনের আওতায় আনা হবে এবং এর দায় বিএনপিকে নিতে হবে।