রাজনৈতিক স্বার্থে এবং তথাকথিত উন্নয়নের বয়ান প্রতিষ্ঠায় অতীতে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধির পরিসংখ্যান বাড়িয়ে দেখানো হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। বিশেষজ্ঞদের পর্যালোচনায় ২০১৪-১৫ অর্থবছর থেকে জিডিপি প্রবৃদ্ধির হার প্রকৃত হিসাবের তুলনায় ০.৮ থেকে ১.৩ শতাংশীয় পয়েন্ট পর্যন্ত বেশি দেখানোর বিষয়টি উঠে এসেছে বলে জানান তিনি।
শনিবার (১৪ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সম্মেলনকক্ষে ‘পিয়ার রিভিউ অব ফরেনসিক অডিট রিপোর্ট অন জিডিপি এস্টিমেটস’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিবিএসের জাতীয় হিসাব ও শিল্প উৎপাদনের তথ্যের সঠিকতা, বিশ্বাসযোগ্যতা, ব্যবহারযোগ্যতা এবং উপাত্তের সহজলভ্যতা নিশ্চিত করতে গঠিত বিশেষজ্ঞ কমিটির খসড়া প্রতিবেদনের ওপর মতামত নিতে এ সেমিনারের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. ফিরোজ সরকার। প্রতিবেদনটি উপস্থাপন করেন বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) মহাপরিচালক ড. এ কে এনামুল হক।
কমিটির আরেক সদস্য বিআইডিএসের গবেষণা পরিচালক ড. আতনু রব্বানী।
কমিটির পর্যালোচনা প্রতিবেদনে ২০১০-১১ থেকে ২০১৮-১৯ অর্থবছর পর্যন্ত দুই মেয়াদের জিডিপি প্রবৃদ্ধির তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, ২০১০-১১ থেকে ২০১৩-১৪ অর্থবছরে গড় প্রকৃত জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬.২৭ শতাংশ। পরবর্তী ২০১৪-১৫ থেকে ২০১৮-১৯ অর্থবছরে তা বেড়ে দাঁড়ায় ৭.৩৯ শতাংশে।
অর্থাৎ দুই মেয়াদের গড় প্রবৃদ্ধির ব্যবধান প্রায় ১.১২ শতাংশীয় পয়েন্ট। কোভিড মহামারির প্রভাব বিবেচনায় ২০১৯-২০ অর্থবছরকে এ তুলনামূলক বিশ্লেষণের বাইরে রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, দ্বিতীয় মেয়াদে জিডিপি প্রবৃদ্ধির এ বৃদ্ধির প্রায় ৪১ শতাংশ এসেছে ম্যানুফ্যাকচারিং বা উৎপাদনশিল্প থেকে। এ খাতের অবদান ০.৪৬২৭ শতাংশীয় পয়েন্ট। প্রথম মেয়াদে উৎপাদনশিল্পের গড় প্রবৃদ্ধি ছিল ৯.৭৬ শতাংশ।