ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ৪ জনকে ভারত থেকে বাংলাদেশে পুশইনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি।
শনিবার (১৫ আগস্ট) দুপুরে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীনস্থ কুসুমপুর বিওপির চাপাতলা মাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মহেশপুর (৫৮ বিজিবি)-র সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ শনিবার দুপুর ১টার দিকে সীমান্ত পিলার ৬১/১২-আর সংলগ্ন গেট ব্যবহার করে ভারতের ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নের মাহেন্দ্রা ক্যাম্প ৪ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা চালায়। তাদের মধ্যে দুই জন পুরুষ, ১ জন নারী ও ১ জন শিশু রয়েছে।
তবে বিএসএফের এই তৎপরতা সীমান্ত অতিক্রম করার আগেই বিজিবির কুসুমপুর বিওপির নিয়মিত টহল দলের নজরে আসে। বিজিবি সদস্যদের তীব্র বাধা ও শক্ত অবস্থানের মুখে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠাতে ব্যর্থ হয়।
তবে পুশইনের শিকার ৪ ব্যক্তি বর্তমানে শূন্যরেখা থেকে ভারতের প্রায় ১৫০ গজ অভ্যন্তরে একটি কলাবাগানে অবস্থান করছেন।
বিজিবির পক্ষ থেকে ঘটনার বিষয়ে প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ ব্যাটালিয়নকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে।
মহেশপুর ৫৮ বিজিবি অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল রফিকুল আলম বলেন, সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে দায়িত্ব পালন করে যাচ্ছে।