ঝিনাইদহে আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষ হত্যার ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১০ জানুয়ারি) রাতে শহরের হামদহ, ব্যাপারীপাড়াসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ঝিনাইদহ শহরের হামদহ ঘোষপাড়া এলাকার কার্তিক ঘোষ ও তার ছেলে কল্লোল ঘোষ, কামাড়কুন্ডু এলাকার আলতাফ হোসেনের ছেলে সবুজ হোসেন, হামদহ এলাকার তফসের হোসেনের ছেলে আইয়ুব আলী, ব্যাপারীপাড়ার মোজাম্মেল হকের ছেলে মুন্না ও রমজান আলীর ছেলে হাতকাটা তরুন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, আওয়ামী লীগ কর্মী বরুণ ঘোষ হত্যা মামলার এজাহার নামীয় ছয় আসামিকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়েছে।
বুধবার রাতে নিহত বরুন ঘোষের স্ত্রী বাদী হয়ে নয় জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৯-১০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। বরুণ কুমার ঘোষ শহরের ঘোষপাড়া এলাকার নরেন ঘোষের ছেলে।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বরুণ ঘোষ বাড়ি থেকে বের হয়ে ঘোষপাড়া ব্রিজ মোড় এলাকার একটি দোকানে বসে ছিলেন। এ সময় ৫-৭ জন দুর্বৃত্ত হামলা করে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে ফেলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত বরুণ ঘোষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-২ আসনের পরাজিত নৌকা প্রতীকের প্রার্থী তাহজিব আলম সিদ্দিকী সমির সমর্থক ছিলেন।